সেন্ট পিটাসূবাগর্, রাশিয়া জুন ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সেন্ট পিটার্সবার্গের সম্মেলনে সোমবার সিরিয়া সঙ্কট কাটাতে জোরালো ভূমিকা নেওয়ার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভাদিমির পুতিনকে চাপ দেবেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা।
সিরিয়ার শহরগুলো থেকে ভারী অস্ত্র সরিয়ে নিয়ে আন্তর্জাতিক দূত কফি আনানের শান্তি পরিকল্পনা পুরোপুরি মেনে নিতে দামেস্ককে বাধ্য করতে পুতিনের ওপর এই চাপ সৃষ্টি করতে চায় ইইউ।
পুতিনের আমন্ত্রণে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে আয়োজিত সম্মেলনে সমবেত হচ্ছেন ইইউ নেতারা।
এ মাসের শুরুতে পুতিন ফের রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এ সম্মেলনকে তার সঙ্গে সম্পর্ক ঝালিয়ে নেওয়ার সুযোগ হিসাবে প্রত্যক্ষ করছেন ইউরোপীয় কূটনীতিকরা।
আর তাই সম্মেলনের আলোচনায় সিরিয়া ছাড়াও প্রাধান্য পাচ্ছে বাণিজ্য এবং ইরানের পরমাণু কর্মসূচির বিষয়টি। ইউরোপে ভিসামুক্ত ভ্রমণ চালুর আশু ব্যবস্থার জন্য সম্মেলনে চেষ্টা চালাবেন পুতিন।
সম্মেলনে অন্যান্যদের মধ্যে অংশ নিচ্ছেন ইউরোপীয় কাউন্সিল প্রেসিডেন্ট হারম্যান ভ্যান রম্পুই, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট হোসে ম্যানুয়েল ব্যারোসো এবং ইইউ পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধান ক্যাথরিন আস্টোন।
রাশিয়া এ যাবৎ সিরিয়ার নিন্দা জানানোর পশ্চিমা প্রচেষ্টার বিরোধিতা করে এসেছে। প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে ওঠা পদত্যাগের দাবিরও বিরোধিতা করেছে রাশিয়া এবং চীন।
ওদিকে, রোববারের ভাষণে আসাদ হউলা হত্যাযজ্ঞে সরকারি বাহিনীর কোনোরকম ভূমিকা থাকার কথা অস্বীকার করেছেন এবং সিরিয়ায় অস্থির পরিস্থিতির জন্য বিদেশি হস্তক্ষেপকে দায়ী করেছেন।
এ পরিস্থিতিতে সিরিয়ায় শান্তি দূত আনানের পরিকল্পনা সফল করতে হলে রাশিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে ইতোমধ্যেই এক বৈঠকের পর ব্যারোনেস অ্যস্টোন বলেন, “সিরিয়ায় সহিংসতা বন্ধের উপায় খুঁজে বের করতে ইইউ রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৬২৭ঘ.
bdnews24