লাগোস, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নাইজেরিয়ার লাগোসে একটি যাত্রীবাহি বিমান বিধ্বস্ত হয়ে ১৫৩ জন আরোহীর সবাই নিহত হয়েছে।
ডানা এয়ারের বিমানটি রোববার লাগোসের ইশাগা এলাকার একটি ভবনে বিধ্বস্ত হয়। এলাকাটি লাগোসের মুরতালা মুহাম্মদ বিমানবন্দরের কাছেই। ম্যাকডোনেল ডগলাস এমডি-৮৩ বিমানটি রাজধানী আবুজা থেকে রওয়ানা হয়েছিল।
বিমানটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গেই আগুন ধরে বিস্ফোরিত হয় বলে জানিয়েছে ডানা এয়ার। নাইজেরিয়ার স্থানীয় সময় দুপুর পৌনে তিনটায় (বাংলাদেশ সময় রাত পৌনে ৮টা) দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার কারণ জানা যায়নি।
এয়ারলাইন কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানের আরোহী ১৪৭ জন নিহত হয়েছে। কিন্তু ভোররাতে প্রকাশিত তালিকায় আরো ৬ ক্রুর নাম পাওয়া গেছে। তাদেরকে নিয়ে নিহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৫৩ জনে।
নিহতদের মধ্যে নাইজেরিয়ার জাতীয় পেট্রোলিয়াম কর্পোরেশনের মুখপাত্র লেভি অজুওনুমা রয়েছেন বলে প্রকাশিত যাত্রী তালিকা থেকে জানা গেছে। তিনি ওপেকে নাইজেরিয়ার তেলমন্ত্রীর প্রতিনিধি হিসেবে দায়িত্বপালন করতেন।
ধ্বংসস্তুপ থেকে এ পর্যন্ত ৭০ টি লাশ উদ্ধার করা হয়েছে। বাদবাকী লাশ উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন নাইজেরিয়ার জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার প্রধান। ক্রেনের সাহায্যে ধ্বংসস্তুপ সরানো হচ্ছে বলে জানান তিনি।
বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য তিনদিনের জাতীয় শোক ঘোষণা করেছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট গুডলাক জোনাথন। দূর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি ।
বিশ্লেষকরা বলছেন, ২০০৫ সালে কয়েক দফা বিমান দুর্ঘটনার পর কিছু নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হলেও আফ্রিকার অন্যান্য দেশের মতো নাইজেরিয়ার বিমান নিরাপত্তা ব্যবস্থাও যথাযথ নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬৪৫ ঘ.
bdnews24