ইয়াঙ্গুন, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার দিনের থাইল্যান্ড সফর শেষে রোববার দেশে ফিরেছেন মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি।
২৪ বছরের মধ্যে এই প্রথম বিদেশ সফর করলেন তিনি। দেশটিতে সত্যিকার অর্থে কতটুকু রাজনৈতিক সংস্কার হয়েছে সু চির নির্বিঘœ সফর ছিল তার এক পরীক্ষা।
ইয়াঙ্গুন বিমানবন্দরে অবতরণের পর স্থানীয় সাংবাদিক ও ফটোসাংবাদিকরা সু চি’কে ঘিরে ধরে। এসময় থাইল্যান্ড সফর ‘খুব সন্তোষজনক’ হয়েছে বলে গণমাধ্যমকর্মীদের জানান তিনি।
এর আগে সামরিক সরকার যদি আর দেশে ফিরতে না দেয় এই ভয়ে তার মৃত্যু পথযাত্রী স্বামীকে দেখতেও দেশ ছেড়ে যাননি গণতন্ত্রপন্থি এই নেত্রী।
সু চি’কে থাইল্যান্ডে বীরোচিত সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া সেদেশে মিয়ানমারের অভিবাসী নাগরিকদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন তিনি। সু চিকে পেয়ে উল্লাস প্রকাশ করেছে তারা।
থাইল্যান্ডের পর এখন ইউরোপ সফরের জন্য প্রস্তুতি নেবেন সু চি। ইউরোপ সফরকারে তিনি জেনেভায় একটি ভাষণ দেবেন এবং অবশেষে তার নোবেল পুরস্কার গ্রহণের জন্য রওনা দিবেন অসলোর উদ্দেশে।
ইউরোপ সফরের সময় যুক্তরাজ্য ভ্রমণ করার পরিকল্পনাও রয়েছে সু চি’র। সেখানে পরিবারসহ তিনি কাটিয়েছেন জীবনের অনেকটা সময়। সফরকালে ব্রিটিশ সরকারের আমন্ত্রণে পাার্লামেন্টে ভাষণও দেবেন তিনি।
১৯৮৮ সালে মিয়ানমারের সামরিক সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে বিশ্ববাসীর নজর কাড়েন অং সান সু চি। এরপর থেকে জান্তা সরকারের রোষে পড়ে বেশির ভাগ সময় কাটিয়েছেন গৃহবন্দী হিসেবে।
বর্তমানে মিয়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠায় একক ভূমিকা পালন করছেন নোবেল বিজয়ী এই নারী। আর তার এই বিদেশ সফর মিয়ামমারের রাজনৈতিক পুনর্গঠনেরই সুফল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৪৬ঘ.
bdnews24