লন্ডন, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাজ্যে রানি এলিজাবেথের সিংহাসনে আরোহণের ৬০ বছর পূর্তিতে চারদিনব্যাপী জাতীয় উৎসবের অংশ হিসেবে রোববার টেমস নদীতে নৌবিহার শুরু হয়েছে।
স্বামী প্রিন্স ফিলিপকে নিয়ে এ নৌবিহারে যোগ দিয়েছেন রানি এলিজাবেথ।
৭ মাইলের (১১ কিলোমিটার) এই নৌবিহারে রানির সঙ্গে যাত্রা করেছে ১ হাজার নৌকার বহর। আর এসব নৌকায় রয়েছে প্রায় ১০ লাখ মানুষ।
নৌবহরে একটি রাজকীয় বার্জে ৮৬ বছর বয়স্ক রানি, প্রিন্স ফিলিপ ও রাজপরিবারের অন্যান্য নেতৃস্থানীয় সদস্যরা উঠেছেন।
টেমস নদী পথে এ নৌবিহারে নদীর পারে লাখ লাখ মানুষ লাল, সাদা ও নীল রঙের ‘ইউনিয়ন জ্যাক’ পতাকা নিয়ে রানিকে শুভেচ্ছা জানাতে সমবেত হয়েছে। ১৬৬২ সালের পর টেমস নদীতে এটিই সবচেয়ে বড় নৌবিহার।
রানি এলিজাবেথ ব্রিটিশ সিংহাসনের দ্বিতীয় অধিকারী যিনি ৬০ বছর পার করছেন। এর আগে শুধু রানি ভিক্টোরিয়া ৬০ বছরেরও বেশি সময় ব্রিটিশ সিংহাসনে আসীন ছিলেন।
শনিবার থেকে মঙ্গল- চারদিন ব্যাপী জাতীয়ভাবে রানির সিংহাসনে আরোহণের ৬০ বছর পূর্তির এ উৎসব চলবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬০৩ঘ.
bdnews24