ত্রিপোলি, জুন ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থক ও বিরোধীদের মধ্যে প্রচণ্ড সংঘর্ষের পর রোববার পরিস্থিতি শান্ত করতে ত্রিপোলি বন্দরনগরীতে সেনা মোতায়েন করেছে লেবানন।
ত্রিপোলির বাব আল-তেব্বানেহ এলাকায় সুন্নি মুসলিম স¤প্রদায় এবং দামেস্কপন্থি আলাউতি জাবালদের মধ্যে শনিবার ওই সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হওয়ার পর সেখানে সেনা মোতায়েন হল।
সকাল ৭ টার দিকে সেনা মোতায়েনের পর শহরটিতে তুলনামূলক শান্ত অবস্থা বিরাজ করছে বলে জানিয়েছে এলাকার অধিবাসীরা।
সিরিয়ায় চলমান সহিংসতার প্রভাবে লেবাননের ত্রিপোলি বন্দরনগরীতে এ উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স¤প্রতি কয়েক মাসে ত্রিপোলিতে আলাউতদের সঙ্গে আসাদ-বিরোধী সুন্নিদের বেশ কয়েকবার সংঘর্ষ হয়েছে।
সিরিয়ায় সহিংসতা সীমান্ত পেরিয়ে গোটা অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে বলে জাতিসংঘ শান্তি দূত কফি আনান হুঁশিয়ারি দেওয়ার পর শনিবার নতুন করে সেখানে সংঘর্ষ হয়।
লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি সহিংসতা অবসানের চেষ্টায় ঘটনাস্থল পরিদর্শনের পর সেখানে নিরাপত্তা বাহিনী মোতায়েন করলেন।
মিকাতির কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, “ত্রিপোলিতে সংঘর্ষ বন্ধে লেবাননের সেনাবাহিনী এবং নিরাপত্তা বাহিনীর সম্ভাব্য সব পদক্ষেপ নেওয়া প্রয়োজন।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৬২৭ঘ.
bdnews24