বার্লিন, জুন ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়া সরকারকে বিদ্রোহ দমন করতে রাশিয়ার অস্ত্র সরবরাহের অভিযোগ শুক্রবার অস্বীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট ভাদিমির পুতিন।
দামেস্কে রাশিয়ার অবৈধ অস্ত্র চালান নিয়ে যুক্তরাষ্ট্রের সমালোচনা উড়িয়ে দিয়ে তিনি বলেন, সিরিয়ার ‘অত্যন্ত বিপজ্জনক’ পরিস্থিতিতে মস্কো কোনো পক্ষকেই সমর্থন করে না। সঙ্কটের রাজনৈতিক সমাধানে পৌঁছতে হলে ধৈর্য ধরা দরকার।
জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মের্কেলের সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে পুতিন আরো বলেন, “ সিরিয়ার সঙ্গে আমাদের দীর্ঘদিনের একটা ভাল সম্পর্ক আছে। কিন্তু তাই বলে আমরা সিরিয়ায় কোনো পক্ষকে সমর্থন দিয়ে গৃহযুদ্ধ বাধানোর হুমকি সৃষ্টি করতে চাই না।”
সিরিয়ায় অস্ত্র সরবরাহের অভিযোগের ব্যাপারে তিনি বলেন, রাশিয়া লড়াইয়ে ব্যবহার করার মতো কোনো অস্ত্র দেয়নি।
কিন্তু এর আগে বৃহস্পতিবার পশ্চিমা কর্মকর্তারা ‘হিউম্যান রাইটস ফার্স্ট’ গ্র“প এর একটি প্রতিবেদন নিশ্চিত করে জানান, গত সপ্তাহান্তে রাশিয়ার একটি মালবাহী জাহাজ সিরিয়ার তারতাস বন্দরে ভারী অস্ত্র চালান করেছে।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের নিরাপত্তা বাহিনীর জন্য এ অস্ত্র পাঠানো হয়েছে।
খতমের শাসন চালিয়ে যাওয়া আসাদ প্রশাসনের হাতে এ অস্ত্র প্রবাহে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সুসান রাইস।
ওদিকে, শুক্রবার জাতিসংঘ মানবাধিকার পরিষদের জরুরি অধিবেশনে সিরিয়ায় নৃশংস হত্যাকাণ্ডের নিন্দা করেছেন মানবাধিকার বিষয়ক হাই কমিশনার নাভি পিল্ল¬াই।
হউলায় শতাধিত মানুষ হত্যা মাবতার বিরুদ্ধে অপরাধের শামিল এবং এ কারণে সিরিয়াকে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) বিচারের মুখোমুখি করা উচিত বলে তিনি মন্তব্য করেন।
এর আগে সিরিয়ার সরকার বিরোধী বিদ্রোহীরা সরকারপন্থি মিলিশিয়াদের হাতে নতুন করে আরো বেসামরিক মানুষের মৃত্যুর খবর জানিয়েছে।
পশ্চিমাঞ্চলীয় শহর কায়সারের কাছাকাছি আল-বুয়াইদা আলি-শারকিয়াতে আসাদ সমর্থক সশস্ত্র ‘সাবিহা’ গোষ্ঠী ১৩ জন কারখানার শ্রমিককে জোর করে একটি বাসে উঠিয়ে হত্যা করে বলে জানায় বিদ্রোহীরা।
গত সপ্তাহে জাতিসংঘের একদল পর্যবেক্ষকও একই ধরনের ঘটনার কথা জানিয়েছিলেন। তারা পেছনে হাতবাঁধা ১৩ টি লাশ খুঁজে পাওয়ার কথা জানান।
জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল সিরিয়া সঙ্কটকে ‘বিপর্যয়’ আখ্যা দিয়ে বলেছেন, তিনি এবং পুতিন দুজনই শান্তি দূত আনানের প্রচেষ্টার ভিত্তিতে সমস্যার রাজনৈতিক সমাধান চান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২৩৪৮ঘ.
bdnews24