কেপ কেনাভেরাল, জুন ১ (বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) রসদ সরবরাহের সফল অভিযান শেষে পৃথিবীতে ফিরেছে যুক্তরাষ্ট্রের বেসরকারি নভো প্রতিষ্ঠান স্পেসএক্স এর ড্রাগন ক্যাপসুল।
বৃহস্পতিবার দিনের বেলায় ক্যালিফোর্নিয়া উপকূলবর্তী সাগরে আছড়ে পড়ে ড্রাগন।
ড্রাগনের সফলভাবে পৃথিবীতে ফেরার মধ্য দিয়ে বেসরকারি কোম্পানি হিসাবে ক্যালিফোর্নিয়ার ‘স্পেসএক্স’ আইএসএস এ তাদের প্রথম ঐতিহাসিক মিশন শেষ করল।
আইএসএস এর নভোচারীদের জন্য খাবারসহ অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে গিয়েছিল ড্রাগন।
গত সপ্তাহে মহাকাশ স্টেশনে পৌঁছার পর নভোচারীরা এর ডালা খুলে রসদ নিয়ে বৃহস্পতিবার এটিকে আবার পাঠিয়ে দেয় পৃথিবীর পথে।
এর মধ্যে ছিল খাবারসহ অন্যান্য জিনিসের ১২০০ পাউন্ড (৫৪৪ কেজি) রসদ।
দুর্ঘটনা এড়িয়ে গত সপ্তাহে সফলভাবে মহাকাশে মানুষবিহীন রকেট ফ্যালকন নাইন পাঠানোর পর শেষ পর্যন্ত আইএসএস এ রসদ পৌঁছাতে সক্ষম হয় স্পেসএক্স।
ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল এয়ার ফোর্স স্টেশন থেকে ভোরে প্রথম যাত্রা শুরুর ঠিক আগ মুহূর্তেই থেমে গিয়েছিল রকেট ফ্যালকন নাইন।
যান্ত্রিক ত্র“টির কারণে সে যাত্রায় ব্যর্থ হওয়ার কয়েকদিন পর আবার একই জায়গা থেকে সফলভাবে উড়ে যায় রকেটটি।
উদ্দেশ্য ছিল নির্মাণাধীন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রসদ যোগানো। বেসরকারি কোনো সংস্থা থেকে আইএসএস এ রসদ সরবরাহের উদ্যোগ এটিই প্রথম।
১৭৮ ফুট (৫৪ মিটার) লম্বা রকেট ফ্যালকন নাইন এর মাথায় বসানো হয়েছিলো রসদভর্তি ড্রাগন ক্যাপসুলটি।
উৎক্ষেপণের কয়েক মিনিট পরই রকেটটিেে ক আলাদা হয়ে সোলার প্যানেল খুলে কক্ষপে যাত্রা করে ড্রাগন। এরপর ৯ দিনের মিশন শেষে এটি পৃথিবীতে ফিরল।
এতোদিন ধরে যুক্তরাষ্ট্রের শাটল নভোযানগুলো এ দায়িত্ব পালন করে আসছিল। কিন্তু সেই পুরোনো নভোযানগুলোকে অবসরে পাঠিয়ে দেয়া হয়েছে। স্পেস শাটলও আর তৈরি হচ্ছে না। ফলে আইএসএস এর জন্য যুক্তরাষ্ট্রকে নির্ভর করতে হচ্ছে রুশ নভোযান সয়ুজের ওপরে।
এতে খরচও বেড়ে গেছে অনেক । আর সে কারণেই এগিয়ে এসেছে বেসরকারি মহাকাশ সংস্থা স্পেসএক্স।
আগামী কয়েক বছরের মধ্যে এ প্রতিষ্ঠানটি নভোচারী পাঠানোর মতো উপযুক্ত নভোযান তৈরি করবে বলে জানিয়েছে। ফলে মার্কিন মাহাকাশ সংস্থা নাসাও স্পেসএক্সকে নভোযান তৈরিতে সহায়তা করছে বলে জানা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৬২১ঘ.
bdnews24