২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেলজিয়ামে নেকাব পরা নারী আটক, পুলিশের ওপর আক্রমণ

বেলজিয়ামে নেকাব খুলতে অস্বীকার করা এক নারীকে গ্রেপ্তারের পর বিক্ষুব্ধ লোকজন পুলিশের ওপর হামলা চালিয়েছে। হামলার পর আটক নারীকে ছেড়ে দেয় পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2012, 12:30 PM

Updated : 24 Aug 2022, 11:28 AM

ব্রাসেলস, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) বেলজিয়ামে নেকাব খুলতে অস্বীকার করা এক নারীকে গ্রেপ্তারের পর বিক্ষুব্ধ লোকজন পুলিশের ওপর হামলা চালিয়েছে। হামলার পর আটক নারীকে ছেড়ে দেয় পুলিশ। বৃহস্পতিবার রাতে রাজধানী ব্রাসেলসে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বেলজিয়ান গণমাধ্যম। বেলজিয়ামের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ভিআরটি ও সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা গেছে, একটি বাস স্টপে মুখ ঢাকা বোরখা পরা ওই নারীকে পুলিশ গ্রেপ্তার করার চেষ্টা করলে তিনি বাধা দেন। ধ্বস্তাধ্বস্তিতে ওই নারীসহ এক পুলিশ (নারী) সদস্য আহত হন। পুলিশের এক কর্মকর্তা লে সয়ির সংবাদপত্রকে বলেন, “শেষপর্যন্ত ওই নারীর নেকাব খুলে নেওয়া হয় এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সামান্য আঘাত পেয়েছে সে।” ওই নারীর স্বামী ওই দিনই প্রায় ২০ জন সঙ্গী নিয়ে ঘটনার বিষয়ে অভিযোগ করতে থানায় যান। তারা জোর করে থানায় প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। প্রবেশে ব্যর্থ হয়ে থানা লক্ষ্য করে তারা ধাতুর তৈরি বিভিন্ন জিনিসপত্র ও ময়লার ঝুড়ি ছুঁড়ে মারে। ঘটনাস্থল থেকে ছয় ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনার পর আটক নারীকে ছেড়ে দেওয়া হয়। ওই নারীকে পরে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা গেছে। গত বছর বেলজিয়াম ও ফ্রান্সে প্রকাশ্যে মুখ ঢাকা বোরখা পরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৭০০ঘ.