রিও ডি জেনেরিও, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা ২০১৪ সালে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে আবারো লড়তে পারেন। তবে শুধু দলের প্রয়োজন হলেই তিনি এ পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন।
দেশটির এসবিটি নেটওয়ার্কের ‘দ্য র্যাট’ নামক টেলিভিশন শো’তে লুলা দ্য সিলভা বলেন, “শুধুমাত্র বর্তমান প্রেসিডেন্ট (দিলমা রৌসেফ) যদি আর প্রেসিডেন্টের পদে থাকতে না চান, তবেই দলের প্রয়োজনে তিনি নির্বাচনে অংশ নেবেন।”
তিনি আরো বলেন, “আমি কখনোই চাইবো না পিএসডিবি’র কোনো সদস্য ব্রাজিলের প্রেসিডেন্ট হোক।”
সাবেক শ্রমিক ও শ্রমিক সংগঠনের নেতা লুলা ২০০২ সালে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হন। ২০০৩ সালের ১ জানুয়ারি তিনি তৎকালীন প্রেসিডেন্ট ফার্নান্দো হেনরিক কার্দোসোর কাছ থেকে ক্ষমতা গ্রহণ করেন।
কার্দোসো ব্রাজিলের স্যোশাল ডেমক্রেটিক পাটির (পিএসডিবি) সদস্য ছিলেন। বর্তমানে পিএসডিবি ব্রাজিলের প্রধান বিরোধীদল।
২০১১ সালের ১ জানুয়ারি লুলার ওয়ার্কার্স পার্টির সদস্য দিলমা রৌসেফ তার উত্তরসূরি হিসেবে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন। দিলমা রৌসেফ ব্রাজিলের প্রথম নারী প্রেসিডেন্ট।
২০০২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার আগে লুলা তিনবার নির্বাচনে অংশ নিয়ে দু’বার কার্দোসোর কাছে পরাজিত হন। এরপর তিনি টানা দুই মেয়াদে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ব্রাজিলের সাংবিধানিক নিয়ম অনুসারে পরপর দুইবারের বেশি মেয়াদে কোনো ব্যক্তি প্রেসিডেন্ট হতে পারেন না। তবে ন্যূনতম এক মেয়াদ প্রেসিডেন্ট পদের বাইরে থাকার পর দুই মেয়াদে ক্ষমতায় থাকা ব্যক্তি আবারো প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩৫৫ ঘ.
bdnews24