২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অধীর অপেক্ষায় ন্যাটোর রসদ সরবরাহকারী ট্রাক চালকেরা

আফগানিস্তানে মোতায়েন ন্যাটো বাহিনীর রসদ সরবরাহকারী পাকিস্তানি ট্রাক চালকেরা রসদ সরবরাহ আবার শুরু করার জন্য উন্মুখ হয়ে আছে। এক্ষেত্রে দেশপ্রেম ছাপিয়ে টাকার প্রয়োজনটাই তাদের কাছে বেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2012, 09:12 AM

Updated : 24 Aug 2022, 11:28 AM

করাচি, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে মোতায়েন ন্যাটো বাহিনীর রসদ সরবরাহকারী পাকিস্তানি ট্রাক চালকেরা রসদ সরবরাহ আবার শুরু করার জন্য উন্মুখ হয়ে আছে। এক্ষেত্রে দেশপ্রেম ছাপিয়ে টাকার প্রয়োজনটাই তাদের কাছে বেশি। গত বছর ন্যাটোর আকাশ হামলায় পাকিস্তানের ২৪ সেনা নিহত হওয়ার পর ন্যাটোর সরবরাহ রুট বন্ধ করে দেয় পাকিস্তান। সম্প্রতি ওই রুট চালু করার বিষয়ে একটি সমঝোতায় পৌঁছার চেষ্টা করছে যুক্তরাষ্ট্্র ও পাকিস্তান। সেনা হত্যার ওই ঘটনা নিয়ে কথা তুললে রসদ সরবরাহকারী চালকরা উত্তেজিত প্রতিক্রিয়া প্রকাশ করে। কিন্তু তা সত্বেও অর্থের প্রয়োজন জাতীয় অনুভূতিকেও ছাপিয়ে যায়। অর্থের প্রয়োজনে শত্রুকে সাহায্য করার লজ্জাও তারা চেপে রাখে। ছয় মাস ধরে বন্ধ থাকা সরবরাহপথটি আবার চালু হবে এই অপেক্ষায় আছে তারা। তালেবানের হামলার আশঙ্কা সত্বেও রাস্তায় ফেরার জন্য তারা ব্যাকুল। পাকিস্তানের ওপর দিয়ে ন্যাটোর রসদ সরবরাহের ঘোর বিরোধী তালেবান। রসদবাহী ট্রাক বহরে প্রায়ই তালেবান সদস্যরা হামলা চালাতো। পাক-আফগান সীমান্তে একে-৪৭ রাইফেল হাতে কালো পোশাক পরা জঙ্গিরা প্রায়ই এসে বহর থামিয়ে চালকদের হুমকি দিতো। ২৩ বছর বয়সী ট্রাক চালক মালিক আব্দুল রউফ বলেন, “তারা জিজ্ঞেস করে কাফের আমেরিকানদের জন্য আমরা কেন রসদ নিয়ে যাই? তারা আমাদের মার্কিন চর বলে গালি দেয়। পাকিস্তানের বন্দর নগরী করাচির সাগরতীরে মাইলখানেক এলাকা নিয়ে ন্যাটোর রসদ সরবরাহকারী ট্রাকগুলোর অস্থায়ী স্ট্যান্ড। এখানেই থাকেন রউফ। “তারা আমাকে সুরা বলতে বলে। নামাজের নিয়মকানুন জানি কিনা জিজ্ঞেস করে। ছেড়ে দেওয়ার সময় দাড়ি রাখার জন্য বলে। আমি ভয় পাই, এসব ভাল লাগে না। কিন্তু আমি নিরুপায়, আমাকে অর্থ উপার্জন করতে হবে,” বলেন রউফ। আল কায়েদার সঙ্গে সম্পর্কিত তালেবানরা নিয়মিতভাবে ট্রাক বহর লক্ষ করে গোলাগুলি করে। হতাহতের সংখ্যা তুলনামূলকভাবে কম হলেও হামলার ধরনগুলো নাটকীয়। গুলিতে জ্বালানী ভর্তি লরিগুলো প্রায়ই ফুটো হয়ে ভয়াবহ অগ্নিকা-ের কারণ হয়। প্রায়ই জঙ্গিরা ঘরে তৈরি বোমার বিস্ফোরণ ঘটিয়ে খাদ্য, কাপড় ও অন্যান্য জিনিস ভর্তি ট্রাকগুলো উড়িয়ে দেয়। গত এক দশকে এরকম হামলায় প্রায় ১ হাজার রদস সরবরাহ যান ধ্বংস হয়েছে বলে জানিয়েছে ‘অল পাকিস্তান অয়েল ট্যাংকার্স অ্যাসোসিয়েশন’। তারপরও প্রায় কয়েক হাজার চালক অধীর ভাবে অপেক্ষা করছে, কবে থেকে আবার রুটটি চালু হবে। কারণ প্রতি ট্রিপ থেকে তাদের আয় ২০ থেকে ২৫ হাজার রুপি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৫০৭ ঘ.