বাগদাদ, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের রাজধানী বাগদাদজুড়ে বৃহস্পতিবার ছয়টি বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৭ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।
সবচেয়ে বড় হামলাটি হয়েছে বাগদাদের উত্তর-পূর্বাঞ্চলের শিয়া অধ্যুষিত শুলা এলাকায়।
সেখানকার বাজারে এক রেস্টুরেন্টের সামনে বিস্ফোরকসহ একটি সবজি সরবরাহকারী গাড়ি বিস্ফোরিত হলে কমপক্ষে ১৩ জন নিহত এবং ৩৮ জন আহত হয়।
অন্যদিকে পশ্চিম বাগদাদে প্রধানমন্ত্রী নূরি আল-মালিকির একজন উপদেষ্টার গাড়ির কাছাকাছি একটি গাড়ি বোমা বিস্ফোরণে একজন বেসামরিক লোক নিহত এবং তিনজন আহত হয়েছে।
তবে এ বিষয়টি এখনো স্পষ্ট নয় যে, ওই উপদেষ্টা এ হামলার লক্ষ্য ছিলেন কিনা।
আর বাগদাদের আমিরিয়া এলাকায় রাস্তার ধারে পেতে রাখা দুটি বোমা বিস্ফোরণে ২ জন নিহত এবং চারজন আহত হয়েছে। রাস্তার ধারে পেতে রাখা আরেকটি বোমা বিস্ফোরণে নিহত হয়েছে আরো ১ জন।
এছাড়া, রাজধানীর পশ্চিম ও দক্ষিণাঞ্চলে আরো তিনটি পৃথক বিস্ফোরণে ১৪ জনের বেশি আহত হয়েছেন বলে জানা গেছে।
এর আগে মধ্য-এপ্রিলে রাজধানীসহ ইরাকের বেশ কয়েকটি শহরে ২০ টি বোমা হামরায় ৩৬ জন নিহত হয়েছে।
গত ডিসেম্বরে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর বেশ কয়েকটি বোমা হামলা দেশটিতে আবারো সাম্প্রদায়িক উত্তেজনা বেড়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১০৭ঘ.
bdnews24