২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে পেট্রোলের দাম বাড়ার প্রতিবাদে ধর্মঘট

ভারতে পেট্রোলের দাম অনেক বেশি বাড়ানোর প্রতিবাদে বিরোধীদলগুলোর ডাকে বৃহস্পতিবার দেশ জুড়ে ধর্মঘটে জনজীবন অচল হয়ে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2012, 02:49 PM

Updated : 24 Aug 2022, 11:27 AM

নয়া দিল্লি, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতে পেট্রোলের দাম অনেক বেশি বাড়ানোর প্রতিবাদে বিরোধীদলগুলোর ডাকে বৃহস্পতিবার দেশ জুড়ে ধর্মঘটে জনজীবন অচল হয়ে পড়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পেট্রোলের বর্ধিত দাম কমানোর দাবিতে এ প্রতিবাদ কর্মসূচি পালন করেছে জনতা। রাষ্ট্রয়াত্ত তেল কোম্পানিগুলো গত সপ্তাহে পেট্রোলের দাম প্রতি লিটারে ১১ শতাংশের বেশি বা ৭ দশমিক ৫৪ রুপি বাড়ানোর ঘোষণা দেওয়ার পর থেকে বিরোধী দলগুলো এর প্রতিবাদ জানিয়ে আসছে। ধর্মঘটের কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত হচ্ছে। বিক্ষোভকারীরা কলকাতার হাওড়া ব্রিজে সব ধরনের যান চলাচল বন্ধ করে দিয়েছে এবং উত্তর প্রদেশে ট্রেন চলাচলেও বাধা দিয়েছে। দক্ষিণাঞ্চলীয় কর্ণাটক রাজ্যে কয়েকটি সরকারি বাস ভাঙচুর করা হয়েছে এবং দিল্লির রাস্তায় বন্ধ রয়েছে অটোরিক্সা চলাচল। দেশের বেশ কয়েকটি অঞ্চলে সরকারি কার্যালয়ের সামনে সরকার-বিরোধী মিছিল, রাস্তা বন্ধ করে দেওয়া ও পিকেটিংয়ের ঘটনা ঘটেছে। এছাড়া, ধর্মঘটের কারণে সরকারি যান চলাচল বাধাগ্রস্ত হয়েছে এবং সরকারি কার্যালয়, কারখানা ও শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মীরা ভোগান্তির শিকার হয়েছেন। দিল্লির মুদি দোকানি রবিকান্ত সাহানি বলেছেন, “পেট্রোলের দাম বাড়ায় আমাদের মরার জোগাড়, আর সরকার ঘুমাচ্ছে, কিন্তু আজ তাদের জাগাবো।” সাহানি বলেছেন, তিনি দোকান খুলবেন না এবং আশা করছেন অন্য অনেক ব্যবসায়ীই এ ধর্মঘটে অংশ নেবে। তার এ উদ্ধৃতি দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ সংস্থা এএফপি। ওদিকে, তেল কোম্পানিগুলো বলছে, রুপির মান কমার ফলে আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় তারা পেট্রোলের দাম বাড়াতে বাধ্য হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৪০ঘ.