দ্য হেগ, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুদ্ধাপরাধে সহযোগিতা করার অভিযোগে দোষী সাব্যস্ত লাইবেরিয়ার সাবেক প্রেসিডেন্ট চার্লস টেলরকে বুধবার ৫০ বছরের জেল দিয়েছে দ্য হেগের জাতিসংঘ যুদ্ধাপরাধ আদালত।
১৯৯১-২০০২ সালে সিয়েরা লিওনে গৃহযুদ্ধ চলার সময় ‘রেভল্যুশনারি ইউনাইটেড ফ্রন্ট’ বিদ্রোহীদের সহায়তা ও পৃষ্ঠপোষকতা করার অভিযোগে গত মাসে দোষী সাব্যস্ত হন টেলর।
সিয়েরা লিওনের জন্য বসানো বিশেষ আদালতের বিচারক রায়ে বলেছেন, এই সাজা রাষ্ট্রপ্রধান হিসেবে ওই সময়ে জনগণের বিশ্বাসের সঙ্গে তার প্রতারণা ও অপরাধের প্রতিফলন।
সিয়েরা লিওনে সংঘটিত যুদ্ধাপরাধকে মানব ইতিহাসের অন্যতম জঘন্য অপরাধ বলে বর্ণনা করেছেন বিচারক রিচার্ড লুসিক।
বাদীপক্ষের আইনজীবীরা টেলরকে ৮০ বছরের কারাদণ্ড দেওয়ার দাবি জানান। কিন্তু সিয়েরা লিওনের অপরাধ পরিকল্পনায় টেলর সরাসরি জড়িত নন বিবেচনায় আদালত এ দাবি বাড়াবাড়ি বলে নাকচ করে দেয়।
৬৪ বছর বয়সী টেলর রায়ের পর নিজেকে নির্দোষ দাবি করেছেন। রায়ের বিরুদ্ধে তার আপিল করার সম্ভবনা রয়েছে বলে জানিয়েছেন বিবিসির দ্য হেগ প্রতিনিধি। আপিল প্রক্রিয়ার জন্য ছয় মাস লাগতে পারে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/ঘ.
bdnews24