২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে ভোট পুনর্গণনার দাবি বামপন্থী প্রার্থীর

মিশরের প্রথম দফা প্রেসিডেন্ট নির্বাচনে তৃতীয় স্থান অধিকার করা বামপন্থী প্রেসিডেন্ট প্রার্থী নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ভোট পুনর্গণনা দাবি করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2012, 09:42 AM

Updated : 24 Aug 2022, 11:26 AM

কায়রো, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিশরের প্রথম দফা প্রেসিডেন্ট নির্বাচনে তৃতীয় স্থান অধিকার করা বামপন্থী প্রেসিডেন্ট প্রার্থী নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ভোট পুনর্গণনা দাবি করেছেন। বামপন্থি আল কারামাহ পার্টির প্রার্থী হামদিন সাব্বাহি রোববার অভিযোগ করেন, নির্বাচনে অবৈধভাবে ভোট দিয়েছে সেনাসদস্যরা। মিশরের রাষ্ট্রিয় গণমাধ্যম ঘোষিত বেসামরিক ফলাফলে সাব্বাহির সঙ্গে দ্বিতীয় অবস্থানে থাকা সাবেক সামরিক আমলা আহমেদ শফিককের ভোটের ব্যবধান ৭ লাখ। ফলে তৃতীয় হওয়া সাব্বাহি দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে বাদ পড়ছেন। প্রথম দফা নির্বাচনে এগিয়ে থাকা দুই প্রার্থী মুসলিম ব্রাদারহুডের মোহাম্মদ মুরসি ও মুবারকপন্থী আহমেদ শফিক মিশরের প্রেসিডেন্ট পদের জন্য দ্বিতীয় দফা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ১৬-১৭ জুন দুইদিনব্যাপী দ্বিতীয় দফা ভোট হবে। প্রাপ্ত বেসরকারি ফলাফলে দেখা গেছে, মোহাম্মদ মুরসি পেয়েছেন ২৫ দশমিক ৩ শতাংশ ভোট এবং আহমেদ শফিক পেয়েছেন ২৪ দশমিক ৯ শতাংশ ভোট। আর সাব্বাহি ২১ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছেন বলে দাবি করেছেন। সোমবার প্রথম দফা নির্বাচনের সরকারি ফল ঘোষণা করা হবে। তবে ইতিমধ্যে মধ্যে রাষ্ট্রীয় গণমাধ্যমে বেসরকারি ফলাফল প্রকাশ করা হয়েছে। রোববার নির্বাচন ফলাফলের বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ করার কথা জানিয়েছিলেন সাব্বাহির মুখপাত্র হোসাম মৌনিস। “যে সব প্রমাণ আমাদের হাতে আছে, আর যে সব প্রমাণ এখনও পাচ্ছি, তাতে দেখা যায় অনেক কেন্দ্রেই বড় ধরনের অনিয়ম হয়েছে, আর তাতে চূড়ান্ত ফল প্রভাবিত হয়েছে,” বলেন মৌনিস। সাব্বাহির আইনজীবীরা রয়টার্স সংবাদ সংস্থাকে জানিয়েছেন, অভিযোগের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত রাখার আবেদন জানাবেন তারা। ১৯ শতাংশ ভোট পাওয়া মধ্যপন্থী ইসলামিক দলের প্রার্থী আব্দুল মোনেইম আবুল ফতোহও অভিযোগ দায়ের করবেন বলে জানা গেছে। দ্বিতীয় দফা ভোটে মুবারকপন্থি আহমেদ শফিক জিতলে ‘আরব বসন্তে’র বাতাসে মিশরে শুরু হওয়া নতুন রাজনৈতিক উদ্দীপনা স্তিমিত হয়ে পড়তে পারে বলে শঙ্কা ছড়িয়ে পড়েছে পরিবর্তন প্রত্যাশীদের মধ্যে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৫৩৫ঘ.