কান, ফ্রান্স, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কান চলচ্চিত্র উৎসবের সেরা পুরস্কার জিতে নিল মরণাপন্ন স্ত্রীর প্রতি এক বৃদ্ধের অগাধ ভালোবাসার কাহিনী ‘আমুর’। ছবিটি অস্ট্রিয়ার পরিচালক মাইকেল হানেকের হাতে দ্বিতীয়বারের মতো তুলে দিল পাম ডি অর।
১২ দিনের চলচ্চিত্র উৎসব শেষে ইটালির পরিচালক ন্যানি মরেত্তির সভাপতিত্বে জুরি বোর্ড রোববার পুরস্কার ঘোষণা করে।
‘দ্য হান্ট’ চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন ড্যানিশ অভিনেতা ম্যাডস মিকেলসেন। রোমানিয়ার ছবি ‘বিয়ন্ড দ্য হিলস’ এ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর সম্মান যৌথভাবে পেয়েছেন কসমিনা স্ত্রাতান ও ক্রিস্টিনা ফ্লুতুর।
উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার হিসেবে বিবেচিত দ্য গ্র্যান্ড প্রাইজ জিতেছেন ইতালির মাত্তেও গারোনের বিদ্রুপাত্মক চলচ্চিত্র ‘রিয়েলিটি’।
আমুর চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ফরাসি অভিনেতা জ্যঁ-লুই ত্রিনতিগনা ও এমানুয়েল রিভা। পুরস্কার নেওয়ার সময় হানেকের সঙ্গে তারাও মঞ্চে ওঠেন।
“পরষ্পরের প্রতি আমাদের প্রতিশ্র“তিই চিত্রায়িত হয়েছে এ ছবিতে”, পুরস্কার হাতে নিয়ে বলেন হানেকে। এর আগে ‘দ্য হোয়াইট রিবন’ ছবির জন্য ২০০৯ সালেও পাম ডি অর জিতেছিলেন তিনি।
‘দ্য অ্যাঞ্জেলস শেয়ার’ ছবির জন্য জুরি পুরস্কার জিতেছেন বৃটিশ পরিচালক কেন লোচ।
আর ‘টেনেব্রাস লাক্স’ ছবির জন্য শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কারটি উঠে এসেছে মেক্সিকান পরিচালক কার্লোস রেইগাডাসের হাতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/এসইউ/১৩২৮ ঘ.
bdnews24