২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় লেডি গাগার কনসার্ট বাতিল

ইসলামিক দলগুলোর বিক্ষোভের পর নিরাপত্তাজনিত কারণে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠেয় একটি কনসার্ট বাতিল করেছেন বিশ্বখ্যাত মার্কিন পপ তারকা লেডি গাগা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2012, 02:53 PM

Updated : 24 Aug 2022, 11:26 AM

লন্ডন, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামিক দলগুলোর বিক্ষোভের পর নিরাপত্তাজনিত কারণে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠেয় একটি কনসার্ট বাতিল করেছেন বিশ্বখ্যাত মার্কিন পপ তারকা লেডি গাগা। তার কনসার্ট অতিরিক্ত কুরুচিপূর্ণ বলে অভিযোগ তুলে বিক্ষোভ করে ইসলামিক দলগুলো। এরপর ইন্দোনেশিয়ার পুলিশ লেডি গাগাকে কনসার্ট করার অনুমতি দিতে অস্বীকৃতি জানায়। লেডি গাগাকে বিমান থেকে নামতে দেবে না বলে হুমকি দিয়েছে দেশটির কট্টরপন্থি ইসলামিক ডিফেন্ডার ফ্রন্ট। বিবিসি এ খবর জানিয়েছে। সাংবিধানিকভাবে ইন্দোনেশিয়া ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হলেও দেশটিতে অন্য যে কোন দেশের চেয়ে বেশি মুসলমান বাস করে। ৩ জুন অনুষ্ঠেয় কনসার্টের জন্য ৫০ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছিল। আয়োজকরা টিকিটের অর্থ ফেরত দেবে বলে জানিয়েছে। ইন্দোনেশিয়ার রক্ষণশীল ধর্মবিষয়ক মন্ত্রী সুরাইয়াধরমা আলি লেডি গাগার কনসার্ট বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তবে এশিয়া সফরের ক্ষেত্রে এই প্রথম তিনি বাধার শিকার হলেন এমন নয়। খ্রিস্টান ধর্মগোষ্ঠীর বিরোধিতার পর এপ্রিলে অনুষ্ঠিত দক্ষিণ কোরিয়ার কনসার্টটি শুধু প্রাপ্তবয়স্কদের জন্য উন্মুক্ত রাখা হয়। এছাড়া, লেডি গাগাকে ধর্মবিরোধী আখ্যা দিয়ে ফিলিপাইনেও খ্রিস্টান ধর্মাবলম্বীরা তার বিরুদ্ধে বিক্ষোভ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৪৯ঘ.