ভিয়েনা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের একটি ভূগর্ভস্থ প্রকল্পে প্রত্যাশার চেয়ে উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম পরমাণু পেয়েছে জাতিসংঘের পরমাণু পরিদর্শকরা।
শুক্রবার এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ভিয়েনাভিত্তিক জাতিসংঘ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)।
তেহরান ফরদোর ওই ভূগর্ভস্থ প্রকল্পে ৫০ শতাংশেরও বেশি মাত্রার সমৃদ্ধ সেন্ট্রিফিউজ স্থাপন করেছে বলে জানিয়েছে সংস্থাটি।
আইএইএ’র প্রতিবেদনে জানানো হয়, গত ফেব্র“য়ারিতে ভূগর্ভস্থ ফরদো পরমাণু প্রকল্প থেকে পরিবেশের উপাদান সংগ্রহ করা হয়। আকাশ হামলা থেকে রক্ষার জন্য প্রকল্পটি মাটি ও পাথরের গভীরে সুরক্ষিত করে বানানো হয়েছে। সংগ্রহ করা উপাদান পরীক্ষা করে ২৭ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম পরমাণু পাওয়া গেছে।
এই প্রকল্পের জন্য ইরানের ঘোষিত মাত্রা ২০ শতাংশ, যা নিুমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের সীমা। কিন্তু ২৭ শতাংশ মানে উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম।
প্রতিবেদনে বলা হয়, প্রকল্পে উচ্চমাত্রার ইউরেনিয়াম পরমাণু উপস্থিতির ব্যাখ্যায় আইএইএ কে ইরান জানিয়েছে, “নিয়ন্ত্রণের বাইরে কোনো কারিগরি কারণে এমনটি ঘটে থাকতে পারে।”
আইএইএ জানিয়েছে, তারা ইরানের ব্যাখ্যা যাচাই করে দেখছে এবং এ বিষয়ে বিস্তারিত জানানোর জন্য ইরানকে অনুরোধ করেছে।
পরমাণু প্রকল্পের মাধ্যমে ইরান বোমা তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করা যুক্তরাষ্ট্র ইরানি দাবিকে সমর্থন জানিয়ে বলেছে, ইরানের দাবি সত্য হতে পারে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড বলেছেন, “উচ্চমাত্রার পরমাণু পাওয়ার সম্ভাব্য অনেক ব্যাখ্যাই হতে পারে। ইরানি দাবিও সঠিক হতে পারে। এর আসল কারণ জানার জন্য আমরা আইএইএ’র ওপরই নির্ভর করব।”
সমৃদ্ধ ইউরেনিয়াম বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার করা যায়, যা পরমাণু প্রকল্পের উদ্দেশ্য বলে দাবি করে আসছে ইরান।
আরও উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম বোমার উপাদান হিসেবে ব্যবহার করা যায়। পশ্চিমাদের সন্দেহ বোমা তৈরি করাই ইরানি পরমাণু প্রকল্পের আসল উদ্দেশ্য। তবে ইরান বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৪৪ ঘ.
bdnews24