২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘গণহত্যার পর বডি বিল্ডাররূপে দাঁড়ান ব্রেইভিক’

নরওয়ের গণ হত্যাকারী হিসেবে অভিযুক্ত অ্যান্ডার্স বেরিং ব্রেইভিক গ্রেপ্তারের পর প্রথমে তার কাটা আঙুলের জন্য চিকিৎসা সহায়তা চান। এরপর ছবি তোলার জন্য বডি বিল্ডারের মতো পোজ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2012, 08:34 AM

Updated : 24 Aug 2022, 11:26 AM

অসলো, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নরওয়ের গণ হত্যাকারী হিসেবে অভিযুক্ত অ্যান্ডার্স বেরিং ব্রেইভিক গ্রেপ্তারের পর প্রথমে তার কাটা আঙুলের জন্য চিকিৎসা সহায়তা চান। এরপর ছবি তোলার জন্য বডি বিল্ডারের মতো পোজ দেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী শুক্রবার আদালতে একথা জানান। গত বছরের ২২ জুলাই অসলোতে সরকারি সদর দপ্তরের বাইরে ব্রেইভিক গাড়ি বোমা হামলা চালান। এতে আটজন মারা যায়। এর দুই ঘণ্টা পর উটোয়া দ্বীপে লেবার পার্টির সামার ক্যাম্পে তিনি গুলি চালালে ৬৯ জনের মৃত্যু হয়। এরপরই আত্মসমর্পন করে তার কাটা আঙ্গুলের রক্ত বন্ধ করতে ব্যান্ড এইড চাইলে পুলিশের সুপারিনটেন্ডেন্ট হাভার্ড গাসব্যাক তা দিতে অস্বীকৃতি জানান বলে প্রত্যক্ষদর্শী জানিয়েছেন। আটকের পর পুলিশ ব্রেইভিকের শরীর থেকে পুলিশের ভুয়া ইউনিফর্ম খুলে নেয়। হত্যাকারীকে ধরতে ব্রেইভিক ঘটনাস্থলে ছিলেন- জনগণকে এটা বোঝাতে এ ইউনিফর্ম ব্যবহার করছিলেন তিনি। প্রত্যক্ষদর্শী এ বিশেষ ইউনিট কর্মকর্তা আদালতকে বলেন, “আটকের পর ব্রেইভিক প্রথমে ছবি তুলতে রাজি হয়নি। তবে ইউনিফর্ম খুলে নেওয়ায় তার মনোভাব পাল্টে যায়। আন্ডারওয়্যার পরা অবস্থায় সে তখন বডি বিল্ডারের মতো পোজ দেয়। ব্রেইভিক সুস্থ কিনা এবং তাকে কি কারাগারে নাকি মানসিক চিকিৎসা কেন্দ্রে পাঠানো হবে তা নির্ধারণে বর্তমানে ১০ সপ্তাহের বিচারের মুখোমুখি হতে হচ্ছে এ অভিযুক্তকে। পাঁচজন বিচারক শুনানি গ্রহণ করছেন। আদালতের নিয়োজিত একদল মনস্তাত্ত্বিক ব্রেইভিককে উন্মাদ হিসেবে আখ্যায়িত করলেও অপর দল ঠিক বিপরীত মত দিয়েছে। শুনানি শেষে আগামী জুন মাসের শেষ নাগাদ রায় ঘোষণার আশা করা হচ্ছে। সুস্থ প্রমাণিত হলে ব্রেইভিকের ২১ বছরের সাজা হবে। আর সে আরো বেশি ভয়ংকর প্রমাণিত হলে সাজার মেয়াদও বাড়বে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৪২৯ ঘ.