২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বে রেকর্ড কার্বন নির্গমন, শীর্ষে চীন

গত বছর বিশ্বে রেকর্ড পরিমাণ কার্বন ডাই অক্সাইড নির্গত হয়েছে, যাতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2012, 04:11 PM

Updated : 24 Aug 2022, 11:25 AM

প্যারিস, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গত বছর বিশ্বে রেকর্ড পরিমাণ কার্বন ডাই অক্সাইড নির্গত হয়েছে, যাতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন। চীনের কার্বন নির্গমনের হার যুক্তরাষ্ট্র ও ইউরোপকেও ছাড়িয়ে গেছে বলে বৃহস্পতিবার জানিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা ‘আইইএ’। প্যারিসভিত্তিক আইইএ জানায়, প্রাথমিক হিসাবে গত বছর কার্বন নির্গমন ৩ দশমিক ২ শতাংশ বেড়ে ৩১ দশমিক ৬ গিগাটনে পৌঁছেছে। গত বছর বিশ্বে সর্বোচ্চ কার্বন নির্গমনের ক্ষেত্রে সবচেয়ে বেশি দায়ী চীন। তাদের কার্বন নির্গমনের হার ৯ দশমিক ৩ শতাংশ হারে বাড়ছে। বেশি পরিমাণে কয়লা জ্বালানি হিসাবে ব্যবহার করার কারণেই এমন হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি। আইইএ’র ওয়েবসাইটে সংস্থাটির প্রধান অর্থনীতিবিদ এক বিবৃতিতে বলেছেন, “কার্বন নির্গমণ আরো বেশি মাত্রায় বাড়ার এ ঘটনায় এটি স্পষ্ট যে, বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখার লক্ষ্যমাত্রা বাস্তবায়নের পথ প্রায় বন্ধ হয়ে যাচ্ছে।” বিজ্ঞানীদের অভিমত, একমাত্র ২০২০ সালের মধ্যে কার্বন নির্গমনের পরিমাণ ৪ হাজার ৪শ’ কোটি টনের মধ্যে সীমাবদ্ধ রাখতে পারলে ওই লক্ষ্য পূরণ করা সম্ভব। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব এড়াতে এ শতাব্দীতে বিশ্বের গড় তাপমাত্রা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি না হওয়ার বিষয়টি নিশ্চিত করা জরুরি। কার্বন নির্গমন সীমিত রাখতে এ বছর কিয়োটো প্রটোকলে’র মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর ২০১৫ সলের মধ্যে নতুন বিশ্ব জলবায়ু চুক্তিতে পৌছাতে ১৮০টিরও বেশি দেশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২০৬ঘ.