বেইজিং, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীন কর্তৃপক্ষের নিরাপত্তা অভিযান থেকে বাঁচতে গ্রাম ছেড়ে পালিয়েছেন বিশিষ্ট মানবাধিকারকর্মী ও আইনজীবী চেন গুয়াংচেং এর বড় ভাই চেন গুয়াংফু।
শ্যাংডং প্রদেশের ডংশিগু গ্রামে প্রহরীদের কড়া নিরাপত্তার মধ্যে পালিয়ে যান গুয়াংফু। নিরাপত্তারক্ষীদের চোখ ফাঁকি দিতে গুয়াংফু রাস্তায় না গিয়ে মাঠ পাড়ি দিয়ে পালান। বুধবার সন্ধ্যার দিকে তিনি বেইজিং এ পৌঁছান।
গুয়াংফু তার ছেলের জন্য আইনি সহায়তা খুঁজছেন। স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে এক সহিংস ঘটনার পর তার ছেলেকে মামলায় ফাঁসিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।
ছেলের মামলা নিয়ে বেইজিং এ আইনজীবীদের সঙ্গে কথা বলতে চান গুয়াংফু।
গুয়াংফুর ভাই দৃষ্টিহীন মানবাধিকারকর্মী চেন গুয়াংচেংও একইভাবে গৃহবন্দিত্ব থেকে পালিয়ে বেইজিং এ গিয়েছিলেন। পরে সেখান থেকে তিনি মার্কিন দূতাবাসে আশ্রয় নেন।
পরিবারের সদস্যদের নির্যাতিত হওয়ার কথা জানিয়েছিলেন গুয়াংচেং। পরিবার-পরিজনদের ওপর আরো নিপীড়ন চলতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি।
এবার তার ভাইয়ের পালানোর ঘটনায় সে আশঙ্কাই সত্য হল। গুয়াংফু এক বিরল সাক্ষাৎকারে ইতোমধ্যেই জানিয়েছেন নিজে নির্যাতিত হওয়ার কথা।
গুয়াংচেং যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার পর চীন কর্তৃপক্ষ তার ওপর খড়গহস্ত হয়েছে জানিয়ে গুয়াংফু বলেন, তাকে গ্রামে আটকে রাখা হয়েছিল, তার ছেলেকে আরো শাস্তি দেওয়ার কথা বলে শসানোও হয়েছে।
গুয়াংফুর ছেলে চেন কেগুই কে হত্যা প্রচেষ্টা অভিযোগে আটক করে রেখেছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৫০ঘ.
bdnews24