দুবাই, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের রাজধানী বাগদাদে ছয় বিশ্বশক্তির সঙ্গে বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের আলোচনা বৃহস্পতিবার দ্বিতীয় দিনে গড়িয়েছে।
কূটনীতিকরা চুক্তিতে পৌঁছতে ব্যর্থ হওয়ায় অতিরিক্ত আরেক দিনের জন্য আলোচনা চলছে।
ইইউ কর্মকর্তারা জানিয়েছেন, ছয় বিশ্বশক্তি ইরানকে পরমাণু বোমা বানানোর উপযোগী মাঝারি-সমৃদ্ধ ইউরেনিয়াম প্রক্রিয়াজাতকরণ বন্ধের প্রস্তাব দিয়েছে।
কিন্তু ইরান এ প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছে, ইউরেনিয়াম সমৃদ্ধ করা তাদের অধিকার। এ নিয়ে কোনো আলোচনা চলতে পারে না।
ফলে দুপক্ষের এ অনড় অবস্থানে বৈঠক থেকে উল্লেখযোগ্য কোনো অগ্রগতির আশা নেই বলেই মনে করছেন বিশ্লেষকরা।
তাছাড়া, ছয় বিশ্বশক্তি ইরানকে নিষেধাজ্ঞা থেকে রেহাই দেওয়ার ব্যাপারে অনমনীয় মনোভাব দেখানোয় আলোচনার শেষ সময়ে এসে তা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে তেহরান।
পরমাণু কর্মসূচি নিয়ে বুধবার বাগদাদে আলোচনা শুরুর আগেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলি আকবর সালেহি সতর্ক করে দিয়ে জানিয়েছিলেন, পশ্চিমা শক্তিগুলোর চাপ প্রয়োগের কোনো চেষ্টাই কাজে আসবে না।
ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে চুক্তিতে পৌঁছার চেষ্টায়ই এ বৈঠক করছে দুপক্ষ। ইরানের অনুরোধে ছয় বিশ্বশক্তির সঙ্গে নতুন করে এ আলোচনা চলছে।
ইরান বেসামরিক পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু বোমা তৈরি করছে বলে সন্দেহ করে আসছে যুক্তরাষ্ট্র ও এর মিত্র দেশগুলো। সেকারণে এ কর্মসূচি বন্ধে ইরানকে বাধ্য করতে দেশটির ওপর কঠোর সব নিষেধাজ্ঞা আরোপ করছে পশ্চিমারা।
ওদিকে, ইরান বরাবরই তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশে পরিচালিত বলে দাবি করে আসছে। আর তাই কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি নিয়ে সমঝোতা চায় ইরান।
সালেহি ইতোমধ্যেই ইরানের ওপর উত্তরোত্তর নিষেধাজ্ঞা আরোপের জন্য মার্কিন কংগ্রেসের তীব্র সমালোচনা করেছেন।
যুক্তরাষ্ট্রের এ আচরণকে বৈরি আখ্যা দিয়ে তিনি বলেন, কৌশলগত দিক থেকে এটি ভুল বলেই তিনি মনে করেন এবং সময় নষ্ট না করে তারা অবিলম্বে সমস্যা তৈরি হওয়ার আগেই দুরদৃষ্টি দিয়ে সমঝোতায় পৌঁছার চেষ্টা করবে বলে তিনি আশা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮৪৩ঘ.
bdnews24