২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘের ‘নেতৃত্ব ব্যর্থ’, অভিযোগ অ্যামনেস্টির

জাতিসংঘের নেতৃত্বে ব্যর্থতার অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2012, 10:41 AM

Updated : 24 Aug 2022, 11:25 AM

লন্ডন, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাতিসংঘের নেতৃত্বে ব্যর্থতার অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বৃহস্পতিবার বার্ষিক এক প্রতিবেদনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে ঝিমিয়ে পড়া, পিছিয়ে যাওয়া এবং উদ্দেশ্য সাধনে দিন দিনই আরো বেশি অনুপযোগী বলে বর্ণনা করেছে অ্যামনেস্টি। এতে বলা হয়, সিরিয়ার বিরুদ্ধে শক্তিশালী ব্যবস্থা নিতে বিশ্বের শক্তিধর দেশগুলো ব্যর্থ হয়েছে। নিরেট নিরাপত্তা পরিষদ যে কেবল কায়েমি স্বার্থ হাসিলে ব্যস্ত এ থেকেই তা প্রমাণ হয়। অ্যমনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব শলিল শেঠী রয়টার্সকে বলেন, নিরাপত্তা পরিষদের পরিবর্তন-পরিবর্ধন দরকার। বিশেষ করে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের কোনো ঘটনার ক্ষেত্রে যাতে ভেটো ক্ষমতার প্রয়োগ না ঘটতে পারে। যেমনটি ঘটেছিল সিরিয়ার ক্ষেত্রে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৫ টি স্থায়ী সদস্যদেশের মধ্যে দুটি দেশ চীন এবং রাশিয়া সিরিয়ার বিষয়ক জাতিসংঘ প্রস্তাবে ভেটো দেয়। ফলে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নেওয়া যায়নি। বন্ধ করা যায়নি জনগণের ওপর সিরিয়া সরকারের দমনপীড়ন। জাতিসংঘের হিসাবমতে, সিরিয়ায় চলমান সরকারবিরোধী আন্দোলনে অন্তত ৯ হাজার মানুষ নিহত হয়েছে। কিন্তু জাতিসংঘ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় ‘তড়িৎ এবং কার্যকর’ কোনো ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। সিরিয়াই জাতিসংঘের নেতৃত্বে ব্যর্থতার প্রকৃষ্ট উদাহরণ বলে বর্ণনা করা হয়েছে অ্যামনেস্টির প্রতিবেদনে। ওদিকে, ইউরোপে অর্থনৈতিক সঙ্কট থেকে শুরু হওয়া গোলযোগেও জাতিসংঘের নেতৃত্বে ব্যর্থতার অভিযোগ করেছে মানবাধিকার সংস্থাটি। ইউরোজোন সঙ্কট সম্পর্কে সতর্ক করে দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় দেশগুলো কেবল কঠোর ব্যয়সঙ্কোচন পদক্ষেপ নিয়েই তাদের দায়দায়িত্ব থেকে রেহাই পাবে না। জনগণের বিশেষ করে সমাজের দরিদ্র জনগোষ্ঠীর মৌলিক অর্থনৈতিক ও সামাজিক অধিকার অক্ষুন্ন রাখার নূন্যতম দায়ভার তাদের আছে। কিন্তু এটি অত্যন্ত দুঃখজনক যে, মানবাধিকারের ক্ষেত্রে ক্ষতিকর প্রভাবের কথা চিন্তা না করেই সব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ফলে ব্যয়সঙ্কোচন পদক্ষেপ এবং অর্থনৈতিক অসমতার বিরুদ্ধে বিশ্বব্যাপী ফুঁসে উঠছে ক্ষোভ। অকুপাই আন্দোলনের মতো আন্দোলন শুরু হচ্ছে দিকে দিকে। আর ইউরোপীয় দেশগুলোর পাশাপাশি যুক্তরাষ্ট্রও মাত্রারিক্ত শক্তি প্রয়োগ করে তা দমন করছে। গত বছর রাজনীতিবিদদের নির্মম দমনপীড়নের সঙ্গে সঙ্গে বিশ্বব্যাপী নেতৃত্বে ব্যর্থতা পরিলক্ষিত হয়েছে বলে মন্তব্য করেন শেঠী। তিনি বলেন, “এখন জনগণকে করপোরেশনের উর্ধ্বে এবং মানবাধিকারকে মুনাফার উর্ধ্বে স্থান দেওয়ার সময়।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৬৩৪ঘ.