২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২৪ বছর পর বিদেশে যাচ্ছেন সু চি

দীর্ঘ ২৪ বছর পর মিয়ানমারের বাইরে যাচ্ছেন নোবেল বিজয়ী গণতান্ত্রকামী নেত্রী অং সান সু চি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2012, 07:57 AM

Updated : 24 Aug 2022, 11:25 AM

ইয়াঙ্গুন, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দীর্ঘ ২৪ বছর পর মিয়ানমারের বাইরে যাচ্ছেন নোবেল বিজয়ী গণতান্ত্রকামী নেত্রী অং সান সু চি। তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) মুখপাত্র নয়ান উইন বৃহস্পতিবার জানান, সু চি আগামী সপ্তাহে প্রতিবেশী দেশ থাইল্যান্ডে একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবেন। “ব্যাংককে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম অন ইস্ট এশিয়া সম্মেলনের আমন্ত্রণ গ্রহণ করেছেন সু চি। আগামী সোমবার ব্যাংককের উদ্দেশ্যে রওনা হবেন তিনি”, বলেন নয়ান। গত এপ্রিলে মিয়ানমারের উপনির্বাচনে বিপুল বিজয় অর্জন করে এনএলডি। এতে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন সু চি, যাকে ১৫ বছরেরও বেশি সময় সামরিক জান্তার আদেশে গৃহবন্দি থাকতে হয়েছিল। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর চাপে মিয়ানমারের সামরিক সরকার সীমিত আকারে গণতন্ত্রের চর্চা শুরুর পর গত বছর মুক্তি পান ৬৬ বছর বয়সী সু চি। তার বাবা অং সান ছিলেন মিয়ানমারে বিট্রিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের নেতা। বিট্রিশ পণ্ডিত মাইকেল এরিসকে বিয়ে করার পর সু চি অনেক বছর ব্রিটেনে ছিলেন। ১৯৮৮ সালে মায়ের অসুস্থতার কারণে তিনি দেশে ফিরে আসেন। এরপর মিয়ানমারে সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্রদের নেতৃত্বে চলতে থাকা গণতান্ত্রি¿ক আন্দোলনে জড়িয়ে পড়েন তিনি। আন্দোলনটি ব্যর্থ হলে ১৯৮৯ সালে প্রথম আটক হন সু চি। এর পরবর্তী ২১ বছর বিভিন্ন সময় কারাগারে এবং ১৫ বছর গৃহবন্দি করে রাখা হয় তাকে। এর মধ্যে বিভিন্ন সময়ে দেশ ছাড়ার সুযোগ পেলেও সু চি তা ফিরিয়ে দেন। তার আশঙ্কা ছিল, একবার বিদেশে গেলে তাকে আবার ফিরতে বাধা দেওয়া হতে পারে। সম্প্রতি নির্বাচনে জিতে পার্লামেন্টে বিরোধী দলীয় নেতা হওয়ার দীর্ঘদিন পর পাসপোর্ট হাতে পান সু চি। চলতি বছর ১৪ জুন জেনেভায় আন্তর্জাতিক শ্রম সম্মেলন এবং ১৮ জুন এক সপ্তাহের সফরে ব্রিটেনে যাওয়ার কথা রয়েছে মিয়ানমারের এই নেত্রীর। তিনি ব্রিটিশ পার্লামেন্টে ভাষণ দেবেন বলেও আশা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/জেকে/১৩৫০ ঘ.