২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাস্তার আলো বদলে দিচ্ছে বাস্তুসংস্থান

শহরের রাস্তায় রাস্তায় জ্বলতে থাকা উজ্জ্বল বাতিগুলো বাস্তুসংস্থানের ব্যাপক পরিবর্তন ঘটাচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2012, 11:54 AM

Updated : 24 Aug 2022, 11:25 AM

ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শহরের রাস্তায় রাস্তায় জ্বলতে থাকা উজ্জ্বল বাতিগুলো বাস্তুসংস্থানের ব্যাপক পরিবর্তন ঘটাচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। রাস্তার ল্যাম্পের আলোর উজ্জ্বলতায় আকৃষ্ট বিভিন্ন পোকামাকড় মাটি ছেড়ে এসব আলোর পাশেই অবস্থান করতে শুরু করেছে। বুধবার এক প্রতিবেদনে বিবিসি জানায়, যুক্তরাজ্যে কর্নওয়ালের হেলস্টোনে রাস্তার আলোর আশেপাশে অবস্থান নেওয়া ১ হাজার ২শ’ বিভিন্ন ধরনের জীব খুঁজে পেয়েছেন বিশেষজ্ঞরা । ‘বায়োলজি লেটারস’ জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, এমনকি দিনের বেলাতেও বিভিন্ন অমেরুদণ্ডী শিকারী প্রাণীকে এসব ল্যাম্পের আশেপাশে খুঁজে পাওয়া যায়। তাই রাস্তার আলো বাস্তুসংস্থানে যেকোনো সময়ের চেয়ে বেশি পরিবর্তন ঘটাচ্ছে। এপর্যন্ত উড়তে পারে এমন পোকামাকড়ের উপর রাস্তার ল্যাম্পের প্রভাব নিয়ে গবেষণা হলেও মাটিতে অবস্থান করে এমন অমেরুদণ্ডী প্রাণীদের উপর এর প্রভাব নিয়ে গবেষণা করা হলো প্রথমবারের মতো। হেলস্টোনের রাস্তার কিছু ল্যাম্পের নিচে আলোকিত ও অন্ধকারাচ্ছন্ন স্থানগুলোতে তিন দিন ধরে ২৮টি ফাঁদ পাতেন ইউনিভার্সিটি অব এক্সটারের গবেষক টমাস ডেভিস ও তার সহযোগীরা। আলোকিত অংশের ফাঁদগুলো থেকে অধিক সংখ্যক অমেরুদণ্ডী প্রাণী খুঁজে পান তারা। তবে দিনের বেলাতেও এসব ল্যাম্পের আশেপাশে বিপুল সংখ্যক গুবরেপোকা, নেকড়ে মাকড়শা (উলফ স্পাইডার) জাতীয় মাটিতে থাকা মাংশাসী প্রাণীদের উপস্থিতি খুঁজে পান তারা। ড. ডেভিস বলেন, এ গবেষণাটি একেবারেই প্রাথমিক পর্যায়ের। তবে এর ফলাফল থেকে আমরা নিশাচর অমেরুদণ্ডী প্রাণীদের ওপর কৃত্রিম আলোর প্রভাব নিয়ে আরো বিস্তারিত গবেষণার প্রয়োজনীয়তা উপলব্ধি করছি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৭৫০ঘ.