২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরীয় বিদ্রোহীদের হাতে ১৩ লেবাননি শিয়া অপহৃত

উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশ থেকে ১৩ লেবাননি শিয়াকে অপহরণ করেছে সিরিয়ার বিদ্রোহীরা। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2012, 11:30 AM

Updated : 24 Aug 2022, 11:25 AM

বৈরুত, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশ থেকে ১৩ লেবাননি শিয়াকে অপহরণ করেছে সিরিয়ার বিদ্রোহীরা। একটি ধর্মীয় তীর্থস্থান পরিদর্শন শেষে ফেরার পথে মঙ্গলবার তারা অপহৃত হয়। এ ঘটনার প্রতিবাদে লেবাননের রাজধানী বৈরুতে বিক্ষোভ করেছে অপহৃতদের আত্মীয়রা। তাদের মুক্তির দাবিতে বৈরুত বিমানবন্দর মুখী প্রধান সড়কসহ দক্ষিণ বৈরুতের শিয়া মুসলিম অধ্যুষিত এলাকার রাস্তাগুলো অবরোধ করে রাখে তারা। দক্ষিণ বৈরুতের এই এলাকাগুলো লেবাননের শিয়া রাজনৈতিক ও গেরিলাদল হিজবুল্লাহর শক্ত ঘাঁটি। হিজবুল্লাহ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ঘনিষ্ঠ মিত্র। অপহৃতদের এক আত্মীয় জানান, সিরিয়ার বিদ্রোহী বাহিনী ‘দ্য ফ্রি সিরিয়ান আর্মি’ (এফএসএ) তাদের অপহরণ করেছে। “তারা পুরুষদের রেখে নারীদের ছেড়ে দেয়। অপহরণকারীরা জানিয়েছে, সিরিয়ার সেনাবাহিনী এফএসএ’র বন্দিদের না ছাড়া পর্যন্ত অপহৃতদের তারা বন্দি করে রাখবে,” বলেন তিনি। লেবাননের আল জাদেদ টিভিতে আলেপ্পো থেকে হায়াত আওয়ালি নামের তীর্থযাত্রী এক নারী বলেন, “আমরা সীমান্ত পার হচ্ছি এমন সময় প্রায় ৪০ জনের মতো বন্দুকধারী আমাদের বাস থামায়। তারা জোর করে বাসটিকে একটি ফলের বাগানে নিয়ে যায়। সেখানে পুরুষদের বাস থেকে নামতে বলে তারা, আর নারীদের বাসেই থাকতে বলে।” “আমরা তাদের জানালাম আমরা তীর্থযাত্রী। উত্তরে তারা বলে ‘রাখো তোমাদের তীর্থযাত্রা, আলেপ্পোর থানায় গিয়ে পুলিশকে বলো আমরা তাদের বন্দি করেছি, তাদের আমাদের দরকার,” বলেন হায়াত। তবে আলেপ্পো থেকে এফএসএ’র এক সদস্য স্কাইপ এ জানিয়েছেন, অপহরণের কোনো ঘটনার কথা তার জানা নেই। লেবাননের টিভি স্টেশনে স¤প্রচারিত এক ভাষণে হিজবুল্লাহ নেতা হাসান নাসারাল্লাহ বলেন, “সহিংসতা বা ব্যক্তিগত প্রতিহিংসার মাধ্যমে সমস্যার সমাধান হবে না।” অপহরণের ঘটনার কয়েক ঘন্টা আগে লেবাননের একটি আদালত এক সুন্নি মুসলিম নেতাকে জামিনে মুক্তি দেয়। চলতি মাসের শুরুতে ওই নেতা গ্রেপ্তারের ঘটনায় উত্তর লেবাননে অস্থিরতা ছড়িয়ে পড়ে। উত্তর লেবাননের সুন্নিরা সিরিয়ার সরকার বিরোধী বিদ্রোহীদের সহয়তা দিচ্ছে। সিরিয়ার সরকার প্রধান প্রেসিডেন্ট বাশার আল আসাদ শিয়া মুসলিম স¤প্রদায়ভুক্ত আলাউতি গোত্রের সদস্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৭২৯ঘ.