২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহাশূন্যে স্পেসএক্স এর সফল রকেট উৎক্ষেপণ

দুর্ঘটনা এড়িয়ে শেষ পর্যন্ত সফলভাবে মহাকাশে মানুষবিহীন রকেট পাঠালো যুক্তরাষ্ট্রের বেসরকারি নভো প্রতিষ্ঠান স্পেসএক্স। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2012, 12:01 PM

Updated : 24 Aug 2022, 11:24 AM

কেপ কেনাভেরাল, মে ২২ (বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- দুর্ঘটনা এড়িয়ে শেষ পর্যন্ত সফলভাবে মহাকাশে মানুষবিহীন রকেট পাঠালো যুক্তরাষ্ট্রের বেসরকারি নভো প্রতিষ্ঠান স্পেসএক্স। শনিবার ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল এয়ার ফোর্স স্টেশন থেকে ভোরে যাত্রা শুরুর ঠিক আগ মুহূর্তেই থেমে গিয়েছিল রকেট ফ্যালকন নাইন। যান্ত্রিক ত্র“টির কারণে সে যাত্রায় ব্যর্থ হওয়ার পর মঙ্গলবার আবার একই জায়গা থেকে স্থানীয় সময় বিকাল পোনে চারটায় সফলভাবে উড়ল রকেটটি। এ রকেট উৎক্ষেপণের উদ্দেশ্য নির্মাণাধীন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) রসদ যোগানো। বেসরকারি কোনো সংস্থা থেকে আইএসএস এ রসদ সরবরাহের উদ্যোগ এটিই প্রথম। ১৭৮ ফুট (৫৪ মিটার) লম্বা রকেট ফ্যালকন নাইন এর মাথায় বসানো হয় একটি ড্রাগন ক্যাপসুল। এর মধ্যেই আছে খাবারসহ অন্যান্য জিনিসের ১২০০ পাউন্ড (৫৪৪ কেজি) রসদ। উৎক্ষেপণের কয়েক মিনিট পরই রকেটটি থেকে আলাদা হয়ে সোলার প্যানেল খুলে কক্ষপথে যাত্রা করেছে ড্রাগন। মহাকাশ কেন্দ্রে পৌঁছতে লাগবে কয়েকদিন। সব কিছু ভালোয় ভালোয় সম্পন্ন হলে শুক্রবার ড্রাগন মহাকাশ স্টেশনের ১০ মিটার ভেতরে পৌঁছবে। স্টেশনের নভোচারিরা তখন এ ক্যাপসুল থেকে রসদগুলো নিয়ে মাস শেষে এটিকে আবার পাঠিয়ে দেবে পৃথিবীতে। এ অভিযান সফল হলে বেসরকারি কোম্পানি হিসাবে ক্যালিফোর্নিয়ার ‘স্পেসএক্স’ই প্রথম সফলভাবে আইএসএস এ পৌঁছানোর সুনাম কুড়াবে। এতাদিন ধরে যুক্তরাষ্ট্রের শাটল নভোযানগুলো এ দায়িত্ব পালন করে আসছিল। কিন্তু সেই পুরোনো নভোযানগুলোকে অবসরে পাঠিয়ে দেয়া হয়েছে। স্পেস শাটলও আর তৈরি হচ্ছে না। ফলে আইএসএস এর জন্য যুক্তরাষ্ট্রকে নির্ভর করতে হচ্ছে রুশ নভোযান সয়ুজের ওপর। এতে খরচও বেড়ে গেছে অনেক । আর সে কারণেই এগিয়ে এসেছে বেসরকারি মহাকাশ সংস্থা স্পেসএক্স। আগামী কয়েক বছরের মধ্যে এ প্রতিষ্ঠানটি মহাকাশে নভোচারী পাঠানোর মতো উপযুক্ত নভোযান তৈরি করবে বলে জানিয়েছে। ফলে মার্কিন মাহাকাশ সংস্থা নাসাও নভোযান তৈরিতে স্পেসএক্সকে সহায়তা করছে বলে জানা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৭৪৮ঘ.