ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিরাপত্তা কর্মী ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রবেশে পাঁচ বছরের নিষেধাজ্ঞার পর এবার স্টেডিয়ামে ধূমপান নিয়ে আদালতে হাজির হতে হবে শাহরুখ খানকে।
আগামী ২৬ এপ্রিল জয়পুরের একটি আদালতে কলকাতা নাইট রাইডার্সের মালিককে উপস্থিত হতে বলা হয়েছে। মঙ্গলবার এ সংক্রান্ত একটি নির্দেশনা মুম্বাইয়ে বলিউড সুপারস্টার শাহরুখ খানের কাছে পৌঁছে দিয়েছে রাজস্থান পুলিশ।
গত ৮ এপ্রিল জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসের মধ্যে ম্যাচ চলাকালে শাহরুখের ধূমপানের দৃশ্য ক্যামেরায় ধরা পড়েছে।
এ ঘটনায় ম্যাচের পরদিন জয়পুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে একটি অভিযোগ করেন স্থানীয় একটি ক্রিকেট অ্যাকাডেমির পরিচালক আনন্দ সিং রাঠোর।
তিনি অভিযোগ করেন, প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ হলেও কয়েক হাজার ক্রিকেট ভক্তের সামনে তা করেছেন শাহরুখ খান।
রাঠোরের আইনজীবী নেম সিং টাইমস অফ ইন্ডিয়াকে বলেন, শাহরুখকে তলব সংক্রান্ত আদালতের আদেশ গত ২৬ এপ্রিল পুলিশের কাছে পাঠানো হয়।
“আদেশটি পৌঁছাতে দেরি করে পুলিশ।”
ধূমপানে নিষেধাজ্ঞা ও অধূমপায়ীর স্বাস্থ্য সুরক্ষা আইন, ২০০০-এর আওতায় কয়েকটি ধারায় আদালত শাহরুখের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে বলে জানান তিনি।
এই আইনজীবী বলেন, ২৬ মে আদালতে উপস্থিত হতে ব্যর্থ হলে বা অনুপস্থিতির কারণ দর্শানো হলে শাহরুখ খানের বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে আদালত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১৩০২ ঘ.
bdnews24