২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকায় জেল থেকে মুক্তি পেলেন জেনারেল ফনসেকা

শ্রীলঙ্কার সাবেক সেনা প্রধান ও প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী জেনারেল শরৎ ফনসেকা মুক্তি পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2012, 12:41 PM

Updated : 24 Aug 2022, 11:24 AM

কলম্বো, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শ্রীলঙ্কার সাবেক সেনা প্রধান ও প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী জেনারেল শরৎ ফনসেকা মুক্তি পেয়েছেন। ২ বছর কারাভোগের পর তিনি মুক্তি পেলেন। রাজাপাকসে গত সপ্তাহান্তে ফনসেকার মুক্তির আদেশে সই করলেও কিছু আইনি প্রক্রিয়ার পর তিনি মুক্ত হলেন। ওয়েলিকাদা জেল থেকে বের হয়েই ফনসেকা বলেন, তিনি জনগণের জন্য তার জীবন উৎসর্গ করতে চান। এ সময় জেলের বাইরে সমবেত হয় ফনসেকার ২ হাজার সমর্থক। তারা ‘যুদ্ধবীরের জয়’, ‘আমাদের নেতার জয়’ ধ্বনিতে স্লোগান দিয়ে উল্লাস করে। কেউ কেউ এ সময় জাতীয় পতাকা এবং শান্তির প্রতীক হিসাবে পায়রা ওড়ায়। গত শুক্রবার সন্ধ্যায় ফনসেকার মুক্তির আদেশে প্রেসিডেন্ট স্বাক্ষর করেন। শ্রীলঙ্কার মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিশ্বব্যাপী সমালোচনার মুখে সরকার ফনসেকাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলেই ধারণা বিশ্লে¬ষকদের। শিগগির মুক্তি পেলেও ফনসেকার দেশ ছাড়ার ওপর নিষেধাজ্ঞা থাকবে। শ্রীলঙ্কার ২৫ বছরের গৃহযুদ্ধ অবসানে শরৎ ফনসেকার ভূমিকাকে শ্রদ্ধার চোখে দেখে সাধারণ শ্রীলঙ্কান সিংহলীরা। তামিল বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধের শেষ পর্যায়ে সেনাবাহিনী প্রধান ছিলেন তিনি। জেনারেল ফনসেকা ও শ্রীলঙ্কার বর্তমান প্রতিরক্ষামন্ত্রী গোতাবায়া রাজাপাকসে বিদ্রোহীদের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। যুদ্ধপরবর্তী সময়ে তাদের সম্পর্কে চিড় ধরে। যুদ্ধে তার ভূমিকার যথাযথ স্বীকৃতি দেওয়া হচ্ছে না বলে প্রেসিডেন্ট রাজাপাকসের বিরুদ্ধে অভিযোগ করেন ফনসেকা। আর রাজাপক্ষে উদ্বিগ্ন ছিলেন ফনসেকার সেনাঅভ্যুত্থান ঘটানোর আশঙ্কা নিয়ে। গৃহযুদ্ধের শেষ পর্যায়ে বন্দি তামিল গেরিলাদের হত্যা নিয়ে ব্যাপক বিতর্ক ওঠে। বন্দি তামিল গেরিলাদের নির্বিচার হত্যা করা হয়েছে বলে অভিযোগ করা হয়। এই বিতর্ক উস্কে ওঠে ২০০৯ সালে ফনসেকার দেওয়া এক সাক্ষাৎকারে। সাক্ষাৎকারে ফনসেকা বন্দি গেরিলাদের নির্বিচার হত্যার জন্য গোতাবায়াকে অভিযুক্ত করেন। তিনি বলেন, গোতাবায়া রাজাপক্ষে আত্মসমর্পণ করা গেরিলা নেতাদের হত্যার নির্দেশ দিয়েছিলেন বলে তাকে জানানো হয়েছিল। এই সাক্ষাৎকার দেওয়ার পর তার বিরুদ্ধে সেনা তহবিল তছরুপের অভিযোগ দায়ের করা হয়। এই অভিযোগের প্রেক্ষিতে ২০১০ সালের ফেব্র“য়ারিতে ফনসেকাকে কারাগারে পাঠানো হয়। এর আগে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে মাহিন্দা রাজাপক্ষের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামেন ফনসেকা। ফনসেকা শ্বাসকষ্টের সমস্যায় ভূগছেন। অসুস্থতাজনিত কারণে তাকে মুক্তি দিতে প্রেসিডেন্ট রাজাপাকসে বাধ্য হয়েছেন বলে ধারণা অনেকের। গত কয়েক সপ্তাহ ধরে কড়া পাহারায় হাসপাতালে রাখা হয়েছিল ফনসেকাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৮৭৭ ঘ.