কাঠমান্ডু, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ২৭ মে’র মধ্যে সংবিধান প্রণয়নের দাবিতে নেপালে তিন দিনের সাধারণ ধর্মঘটের প্রথম দিন রোববার রাজধানী কাঠমান্ডুতে নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
পাথর ছুড়ে ২০-২৫টি গাড়ি ভাঙচুর করেছে বিক্ষোভকারীরা এবং সহিংসতার ঘটনায় কমপক্ষে ৪৬ জনকে আটক করেছে পুলিশ।
নেপালের মাওবাদী সংখ্যাগরিষ্ঠ সরকার বেশ কয়েকবার সংবিধান প্রণয়নের তারিখ ঘোষণা করেও তা বাস্তবায়ন করেনি। এছাড়া দেশের নতুন রাজ্যগুলোর নাম, সংখ্যা ও সীমানা নিয়েও বিতর্ক রয়েছে।
এখন দীর্ঘ এক সংবিধান প্রণয়নে রাজনীতিকদের হাতে মাত্র এক সপ্তাহ সময় আছে এবং এই সময়ের মধ্যে সংবিধান প্রণয়ন না হলে রাজনৈতিক অস্থিতিশীলতার মুখে পড়বে দেশ।
বিশ্লেষকদের ধারণা, পরিস্থিতি বেশি ঘোলাটে হলে নতুন করে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের বিকল্প থাকবেনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এমআই/২৩৩৫ ঘ.
bdnews24