ইসলামাবাদ, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ‘ধর্মবিরোধী’ বিষয়বস্তু পোস্ট করার অভিযোগে রোববার সামাজিক যোগাযোগ ওয়েবসাইট ‘টুইটার’ ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে পাকিস্তান।
পাকিস্তান টেলিযোগাযোগ কর্তৃপক্ষে’র (পিটিএ) চেয়ারম্যান মোহাম্মদ ইয়াসীন বলেছেন, “ধর্মবিরোধী বিষয়বস্তু থাকায় তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নির্দেশে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।”
তিনি বলেন, “নির্দিষ্ট কয়েকটি বিষয় তুলে নেওয়ার অনুরোধ জানিয়ে তারা (মন্ত্রণালয়) এখন তাদের (টুইটার কর্তৃপক্ষ) সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে।”
২০১০ সালে ধর্মবিরোধী বিষয়বস্তু থাকার অপরাধে প্রায় দুই সপ্তাহ ধরে ফেইসবুক, টুইটার, ইউটিউবসহ আরো প্রায় ১ হাজার ওয়েবসাইট ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে পাকিস্তান।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ পাকিস্তানে হযরত মুহম্মদ (সাঃ)-কে হেয় করে যে কোনো ধরনের উপস্থাপনা ধর্ম বিরোধী এবং অনেক ইসলামপ্রাণ মুসলমানের মনে তা আঘাত হানে।
তবে টুইটার ব্যবহারে কাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং কোন আধেয়ের কারণে এই পদক্ষেপ তা বিস্তারিত জানাননি ইয়াসীন।
‘ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যসোসিয়েশন অব পাকিস্তান’ জানিয়েছে, তাদের সদস্যদের টুইটার আইডেনটিটি ব্লক করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু সরকার এর কোন কারণ দর্শায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৪৫ঘ.
bdnews24