আলেপ্পো, সিরিয়া, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোয় শুক্রবার বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ।
সিরিয়ায় সরকার বিরোধী আন্দোলন শুরু হওয়ার পর শহরটিতে এটিই সবচেয়ে বড় বিক্ষোভ।
ছাত্রদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে সরকার-বিরোধী আন্দোলনকারীদের বিক্ষোভ-মিছিলের ডাকে আলেপ্পোর বিভিন্ন স্থানে মানুষ রাস্তায় নেমে আসার খবর জাানিয়েছে বিবিসি।
‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানায়, কাঁদানে গ্যাস ও তাজা গোলা-বারুদে বেশ কয়েকজন আহত হয়েছে।
পর্যবেক্ষকরা বলছেন, এ মাসের শুরুর দিকে নিরাপত্তা বাহিনী কয়েকজন ছাত্রকে হত্যার পর সেখানে সরকারের বিরুদ্ধে ক্ষোভ ফুঁসে উঠছে।
আন্দোলনকর্মীদের পাঠানো ভিডিওচিত্রে দেখা গেছে, আলেপ্পোর বিভিন্ন স্থানে শত শত মানুষ সরকার-বিরোধী মিছিলে অংশ নিয়েছে।
সরকার-বিরোধী আন্দোলনের সময়টিতে সিরিয়ার অন্যান্য শহরের মতো দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোয় এতোদিন তেমন কোন সহিংসতার ঘটনা দেখা যায়নি।
এ শহরের লোকজন অনেকাংশেই প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগতই ছিল।
বিশ্লেষকরা বলছেন, আলেপ্পো পরিস্থিতি বশে আনাটাই এখন আসাদ সরকারের জন্য বড় পরীক্ষা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৪৯ঘ.
bdnews24