জাতিসংঘ, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নিষেধাজ্ঞা উপেক্ষা করে সিরিয়া ও মিয়ানমারে উত্তর কোরিয়ার অস্ত্র বিক্রির অভিযোগ তদন্ত করে দেখছে জাতিসংঘ।
উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা তদারকারী প্যানেলের দেওয়া গোপন প্রতিবেদনে এই অস্ত্র চালানের অভিযোগ করা হয়েছে।
চলতি সপ্তাহের শুরুতে নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়া নিষেধাজ্ঞা কমিটিতে প্রতিবেদনটি জমা দেয় বিশেষজ্ঞ প্যানেল। বৃহস্পতিবার এ প্রতিবেদনের খোঁজ পায় রয়টার্স।
“এতে বলা হয়েছে, উত্তর কোরিয়া জাতিসংঘ নিষেধাজ্ঞা প্রস্তাবনার বিধিমালা ধারাবাহিকভাবে লঙ্ঘন করে আসছে।”
প্রতিবেদনে এও বলা হয় যে, “নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে সদস্য রাষ্ট্রগুলো কমিটির কাছে পরমাণু অস্ত্র বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতো অন্যান্য ব্যাপক বিধ্বংসী অস্ত্র বিক্রির কথা বলেনি। কিন্তু তারা অবৈধভাবে অস্ত্রশস্ত্র, এ সংক্রান্ত সাজ-সরঞ্জাম ও বিলাস দ্রব্যের মতো পণ্য বিক্রির অভিযোগ করেছে।”
নিষেধাজ্ঞার কারণে উত্তর কোরিয়ার নিষিদ্ধ কার্যকলাপ কমে আসলেও এবং অবৈধ লেনদেন অনেক কঠিন ও ব্যয়বহুল হয়ে পড়লেও তা বন্ধ হয়নি বলেই জানানো হয়েছে প্রতিবেদনে।
সিরিয়ায় অবৈধ অস্ত্র চালানের একটি ঘটনার কথা গত মাসে জানাতে পারে নিষেধাজ্ঞা কমিটি।
“ফ্রান্স এপ্রিল মাসে কমিটির কাছে অভিযোগ করে যে, ২০১০ সালের নভেম্বরে উত্তর কোরিয়ার তৈরি সমরাস্ত্র সংশ্লিষ্ট দ্রব্যের একটি চালান তারা আটক করেছে। এগুলো সিরিয়ায় পাঠানো হচ্ছিল।”
ওই চালানে আগ্নেয়াস্ত্রে ব্যবহৃত কপার বার ও ডিস্ক এবং রকেট তৈরিতে ব্যবহৃত অ্যালুমিনিয়াম সঙ্করের টিউব ছিল।
এছাড়া, ২০০৭ সালে আটক করা অপর একটি চালানে স্কাড ক্ষেপণাস্ত্রে ব্যবহার যোগ্য প্রোপেলান্ট ও অন্যান্য উপাদান ছিল বলে প্রতিবেদনটিতে জানানো হয়েছে।
এই চালানটিও উত্তর কোরিয়া থেকে সিরিয়ায় পাঠানো হচ্ছিল বলে অভিযোগ করা হয়। চীন ও মালয়েশিয়ার বন্দর ব্যবহার করে সিরিয়ার লাতাকিয়ায় পাঠানো হচ্ছিল চালানটি।
জাতিসংঘ নিষেধাজ্ঞার আওতায় উত্তর কোরিয়ার অস্ত্র ও অস্ত্র তৈরির প্রযুক্তি বিক্রি এমনকি পরমাণু ও ক্ষেপণাস্ত্র সংক্রান্ত প্রযুক্তি কেনা-বেচাও নিষিদ্ধ।
কিন্তু এ নিষেধাজ্ঞা উপেক্ষা করে সিরিয়ার পাশপাশি মিয়ানমারের সঙ্গেও উত্তর কোরিয়া প্রচলিত অস্ত্র বিক্রি চুক্তি আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ প্যানেল।
মিয়ানমারে সামরিক জান্তার শাসনামলে উত্তর কোরিয়ার সঙ্গে মিয়ানমারের পরমাণু অস্ত্র প্রযুক্তি সহযোগিতার খবর পাওয়া গেছে। কিন্তু মিয়ানমার সবসময়ই এ ধরনের খবর অস্বীকার করে এসেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৭১৫১ঘ.
bdnews24