ওয়াশিংটন, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- স্বল্প পাল্লার রকেট বিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নে ইসরায়েলকে সহায়তার পরিমাণ আরো সাত কোটি ডলার বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লিও প্যানেট্টা।
বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘আইরন ডোম’ নামে পরিচিত ইসরায়েলের রকেট বিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় আগামী তিন বছরের জন্য সহায়তার পরিমাণ বাড়াতে চায় পেন্টাগন। ইসরায়েলের চাহিদা অনুযায়ী ওই প্রকল্পে সহায়তা বাড়ানোর এ সিদ্ধান্ত।
পেন্টাগনে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাকের সঙ্গে বৈঠকের পর ওই বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, “নাগরিকদের সুরক্ষায় ওই প্রতিরক্ষা ব্যবস্থায় ইসরায়েলের পর্যাপ্ত তহবিল নিশ্চিত করাই আমার লক্ষ্য।”
চলতি অর্থবছরেই ইসরায়েলকে এ অতিরিক্ত সাত কোটি ডলার দেওয়া হবে বলে জানান তিনি।
ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত্ব্ প্রতিষ্ঠান রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেম লিমিটেডের করা এ প্রতিরক্ষা ব্যবস্থায় ইতোমধ্যে ২০ কোটি ৫০ লাখ ডলার সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র।
এই ব্যবস্থায় তিন থেকে ৪৫ মাইলের মধ্যে আঘাত হানতে সক্ষম কাতিউসা ধরনের রকেট আকাশেই ধ্বংস করার জন্য রাডার নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়।
মধ্যপ্রাচ্যে ইহুদি রাষ্ট্র ইসরায়েলকেই বিশাল অংকের সামরিক সহায়তা দেয় যুক্তরাষ্ট্র।
আগামী ১০ বছরে ইসরায়েলকে তিন হাজার কোটি ডলার সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্র“তি রয়েছে পশ্চিমা এ দেশটির। এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের ২০১৩ সালের বাজেটে ইসরায়েলের জন্য তিনশ’ ১০ কোটি ডলার সামরিক সহায়তার কথা বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১৬৫৭ ঘ.
bdnews24