২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সে প্রেসিডেন্ট ও মন্ত্রীদের বেতন কমলো

প্রেসিডেন্ট ও মন্ত্রীদের বেতন ৩০ শতাংশ কমানোর মধ্য দিয়ে ফ্রান্সের নতুন সরকারের কার্যক্রম শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2012, 07:19 AM

Updated : 24 Aug 2022, 11:23 AM

প্যারিস, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রেসিডেন্ট ও মন্ত্রীদের বেতন ৩০ শতাংশ কমানোর মধ্য দিয়ে ফ্রান্সের নতুন সরকারের কার্যক্রম শুরু হয়েছে। গত ৬ মে ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন সোস্যালিস্ট পার্টির নেতা ফ্রাঁসোয়া ওলান্দ। প্রেসিডেন্ট ও তার নবগঠিত মন্ত্রিসভার ৩৪ সদস্য গত ১৫ মে শপথ নেন। বৃহস্পতিবার প্রথম বৈঠকে বসেন প্রধানমন্ত্রী জ্যঁ মার্ক এহোর নেতৃত্বাধীন মন্ত্রিসভার সদস্যরা। বৈঠকে প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দের মাসিক বেতন ২১ হাজার তিনশ ইউরো থেকে কমিয়ে ১৪ হাজার নয়শ’ ১০ ইউরো করা হয়। এছাড়া মন্ত্রিসভার সব সদস্যের বেতনও ৩০ শতাংশ কমানোর সিদ্ধান্ত হয়। প্রেসিডেন্টের দপ্তর এলিসি প্রাসাদে সমান সংখ্যক নারী ও পুরুষের সমন্বয়ে গঠিত মন্ত্রিসভার প্রথম ওই বৈঠকে সভাপতিত্ব করেন ওলান্দ। নতুন সরকারে নারী অধিকার বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা নাজা ভ্যালু বেলকাসেম বলেন, এখন থেকেই এই নতুন বেতন কাঠামো কার্যকর হবে। “শুধু দেশ পরিচালনার জন্যই আমরা এখানে আসিনি, সংস্কারও করতে চাই। ফ্রান্সের জনগণের জীবনমানের উন্নয়নের জন্য আমরা এসেছি,” বলেন তিনি। বেতন কমানোর মধ্য দিয়ে নতুন সরকার কাজ শুরু করলেও এক্ষেত্রে পূর্ববর্তী প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির ভূমিকা ছিল বিপরীত। রক্ষণশীল ইউনিয়ন ফর পপুলার মুভমেন্টের (ইউএমপি) নেতা সারকোজি পাঁচ বছর আগে দায়িত্ব নেওয়ার পরপরই প্রেসিডেন্টের বেতন বাড়িয়েছিলেন। এদিকে বৃহস্পতিবার ইউরোপের আরেক বড় অর্থনীতির দেশ জার্মানিতে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল ও তার সরকারের মন্ত্রীদের বেতন বাড়ানো হয়েছে। এতে প্রেসিডেন্ট ওলান্দের চেয়ে বেশি বেতন তুলবেন অ্যাঙ্গেলা মেরকেল। নয়শ’ ৩০ ইউরো বাড়ায় মেরকেলের মাসিক বেতন হয়েছে ১৬ হাজার নয়শ’ ৩০ ইউরো। ফ্রান্স সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, ৩০ শতাংশ বেতন কমানোয় মন্ত্রীদের বেতন ১৪ হাজার দুইশ’ থেকে কমে নয় হাজার নয়শ’ ৪০ ইউরো হয়েছে। আর প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী দুজনের বেতনই ২১ হাজার তিনশ’ ইউরো থেকে কমে ১৪ হাজার নয়শ’ ১০ ইউরো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১৮৩৭ ঘ.