নিউ ইয়র্ক, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সামাজিক যোগাযোগের সবচেয়ে বড় ওয়েবসাইট ফেসবুকের ওয়াল স্ট্রিট সূচনা হবে শুক্রবার। ১০৪ বিলিয়ন ডলারের বাজারমূল্য প্রথম দিনের লেনদেন শেষে কতোতে গিয়ে দাঁড়াবে তাই নিয়ে এখন চলছে জল্পনা।
ন্যাসডাকে শুক্রবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ১১টায় লেনদেন শুরু হবে। এর আগে বৃহস্পতিবার ফেসবুকের প্রতিটি শেয়ারের মূল্য ঠিক করা ৩৮ ডলার। এই হিসেবে মার্ক জুকারবার্গের আট বছরের এই প্রতিষ্ঠানের মূল্য দাড়ায় ১০৪ বিলিয়ন বা ১০ হাজার ৪০০ কোটি ডলার।
নটর ডেম বিশ্ববিদ্যালয়ের ফিনান্সের অধ্যাপক টিম লগরান বলেন, “প্রথম দিন ফেসবুকের শেয়ারের দাম ১৫ থেকে ২০ শতাংশ বাড়তে পারে।”
তবে কয়েক জন বিশেষজ্ঞ বলছেন, প্রথমদিন ফেসবুকের শেয়ারের দাম ৩০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। মর্নিং স্টারের বিশ্লেষকেরা জানান, শেয়ারের মূল্য ৫০ ডলার নিয়ে লেনদেন শেষ হতে পারে।
এর আগে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় আইপিও এর মাধ্যমে ১৬ বিলিয়ন ডলার তুলে নেয় ফেসবুক।
ফেসবুক স্টক এক্সচেঞ্জে যাওয়ায় সবচেয়ে বেশি লাভবান হচ্ছেন কোম্পানিটির প্রায় ২৫ শতাংশের বেশি শেয়ারের মালিক প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ। তার সহকর্মী ডাস্টিন মস্কোভিচ ও এদোয়ার্দো সাভেরিন এক রাতের মধ্যেই বিলিওনিয়ার বনে যাবেন।
ফেসবুকের যাদের বিনিয়োগ আছে তাদের সবাই বিশাল অংকের মুনাফা করবেন। এদের মধ্যে রয়েছে, যুক্তরাষ্ট্রের ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি অ্যাসেল পার্টনার্স, রাশিয়ার বিনিয়োগ গ্র“প ডিজিটাল স্কাই টেকনোলজি, মাইক্রোসফট ও ইউটু ব্যান্ডের বোনো। আর শেয়ার লেনদেন শুরু হলে কাগজে কলমে মিলিওনিয়ার বনে যাবেন এক হাজারেও বেশি বিনিয়োগকারী।
২০০৪ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের হলের এক কক্ষে প্রতিষ্ঠা করা ফেসবুকের সদস্য এখন ৯০ কোটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১১২৩ ঘ.
bdnews24