২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রুশ টেলিভিশনে আসাদের নতুন হুঁশিয়ারি

সিরিয়ায় ‘নৈরাজ্যের বীজ বপনের’ বিরুদ্ধে বিদেশিদের হুঁশিয়ার করেছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। সিরিয়ায় জাতিসংঘ যুদ্ধবিরতি পর্যবেক্ষণ মিশন শুরুর পর এটি তার নতুন হুঁশিয়ারি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2012, 01:11 PM

Updated : 24 Aug 2022, 11:23 AM

আম্মান, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় ‘নৈরাজ্যের বীজ বপনের’ বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। নৈরাজ্য সৃষ্টিকারী দেশগুলো দুর্ভোগ পোহাবে বলে রাশিয়ার টেলিভিশনে প্রচারিত এক সাক্ষাৎকারে সতর্ক করেছেন তিনি। সিরিয়ায় জাতিসংঘ যুদ্ধবিরতি পর্যবেক্ষণ মিশন শুরুর পর আসাদ নতুন করে এ হুঁশিয়ারি দিলেন। এর মধ্য দিয়ে স্পষ্টতই আরব উপসাগরীয় দেশগুলোকে ইঙ্গিত করেছেন তিনি। এ দেশগুলো সিরিয়ায় আসাদকে ক্ষমতা থেকে উৎখাতের আন্দোলনে সরকার-বিরোধী পক্ষকে সমর্থন দিয়েছে। রাশিয়ার ‘রোশিয়া-২৪’ টিভি চ্যানেলে বুধবার আসাদ বলেন, এ সমস্ত দেশের নেতাদের ক্ষেত্রে এ ব্যাপারটি স্পষ্ট হয়ে উঠছে যে, এটি ‘বসন্ত’ নয়, ‘বিশৃঙ্খলা’। তারা সিরিয়ায় নৈরাজ্যের বীজ বপন করলে তাদেরকেই এর ভোগান্তি ভুগতে হবে। এটা তারা ভালো করেই জানে। আসাদ সরকার এর আগে বরাবরই সিরিয়ায় অস্থির পরিস্থিতির জন্য বিদেশিদের, বিশেষত, আরব উপসাগরীয় দেশ সৌদি আরব, কাতারকে দায়ী করে এসেছে এবং সরকার-বিরোধী পক্ষকে ‘সন্ত্রাসী’ চক্র বলে দোষারোপ করেছে। সৌদি আরব এবং কাতার সিরিয়ার বিদ্রোহীপক্ষকে অস্ত্র সরবরাহের পক্ষে মত দেওয়ায় তাদের বিরুদ্ধে ক্ষুব্ধ আসাদ। সা¤প্রতিক দিনগুলোতে সিরিয়ার রাজধানী দামেস্কসহ অন্যান্য শহরের নিরাপত্তা ও সামরিক চৌকিগুলোতে দফায় দফায় বোমা হামলা ঘটতে থাকায় বিদেশি এবং বিদ্রোহীদের বিরুদ্ধে ফের আরো বেশি করে ওইসব অভিযোগ করছেন আসাদ। বুধবারের বক্তব্যে তিনি আবারো বিরোধীপক্ষকে ‘অপরাধী চক্র’ বলে দোষারোপ করেন। এ চক্রে আল কায়েদা সদস্যরাসহ ধর্মীয় উগ্রপন্থিরা আছে বলে অভিযোগ করেছেন তিনি। বিরোধী ফ্রি সিরিয়ান আর্মিকে অপরাধী সংগঠন আখ্যা দিয়ে আসাদ বলেন, তারা বিদেশ থেকে অর্থ ও অস্ত্র পাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/এলকিউ/১৯০৪ঘ.