ভিয়েনা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের সঙ্গে দুদিনের আলোচনা শেষে আগামী সপ্তাহে আবারো বৈঠকে বসার ব্যাপারে সমঝোতায় পৌঁছেছে জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা (আইএইএ)।
বিশ্বশক্তিগুলোর সঙ্গে ইরানের পরমাণু কর্মসুচি নিয়ে আলোচনায় বসার মাত্র দু’দিন আগে এ সমঝোতা হল। দুপক্ষই আলোচনা ভালো হয়েছে এবং আগামী সোমবার আবার আলোচনা হবে বলে জানিয়েছে।
তবে তেহরানের কাছে অবস্থিত পারচিন সামরিক ঘাঁটি পরিদর্শনের ব্যাপারে আলোচনায় কোনো অগ্রগতি হয়েছে কিনা সে ব্যাপারে কিছু বলেননি আইএইএ’র উপ-পরিচালক জেনারেল হারম্যান ন্যাকার্টস।
তিনি কেবল বলেন, “আমরা ভালভাবেই মতবিনিময় করেছি এবং সোমবার আবার আলোচনায় বসব”। ভিয়েনায় ইরানের কুটনীতিক মিশনে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন হারম্যান।
ওদিকে, আরো ইতিবাচক মন্তব্য করে ইরানের রাষ্ট্রদূত আলী আসগর সলতেনিয়েহ বলেন, “ ফলপ্রসূ আলোচনা হয়েছে। আলোচনার পরিবেশও ছিল অনুকূল।” আলোচনার ব্যাপারে কোনো পক্ষই বিস্তারিত কিছু জানায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/এলকিউ/২০০০ঘ.
bdnews24