ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরিয়ার ইদলিব প্রদেশের খান শেইখোউন শহরে মঙ্গলবার বিরোধীদের এক শোকমিছিলে সরকারি বাহিনীর গুলিবর্ষণে অন্তত ২১ জন নিহত হয়েছেন বলে দাবি করেছেন দেশটির সরকার বিরোধী আন্দোলনকারীরা।
এ সময় জাতিসংঘের পর্যবেক্ষকদের গাড়ি বহরেও হামলা হয় বলে দাবি করেছে তারা।
তবে এ হামলার জন্য বিদ্রোহীদের দায়ী করেছে সিরীয় সরকার। সরকার সমর্থিত এক টেলিভিশনে বলা হয়, ‘সশস্ত্র বন্দুকধারীরা’ এ হামলা চালিয়েছে।
সংবাদ মাধ্যম আল-জাজিরা জানিয়েছে, বিদ্রোহীদের এক মুখপাত্র নিহতের সংখ্যা অন্তত ৫০ জন বলে দাবি করেছেন। এ সময় জাতিসংঘের পর্যবেক্ষকদের বহন করা গাড়িতেও আঘাত লেগেছে। তবে কোনো পর্যবেক্ষক আহত হননি বলে জানিয়েছেন তিনি।
ইদলিবের এক সরকার বিরোধী আন্দোলনকারী ফাদি আল ইয়াসিন জানিয়েছেন, শোক মিছিলে সরকারি বাহিনী হামলা চালানোর সময় তিনি সেখানে জাতিসংঘের পর্যবেক্ষকদের দেখেছেন।
জাতিসংঘের সিরিয়া বিষয়ক শান্তিদূত কফি আনানের মুখপাত্র আহমেদ ফাওজি জানিয়েছেন, “জাতিসংঘের চারটি গাড়ির একটি বহরের কাছে হাতে তৈরি একটি বোমা বিস্ফোরিত হয়েছে। এতে তিনটি গাড়ির ক্ষতি হয়েছে। তবে পর্যবেক্ষদের কারো গায়ে আঘাত লাগেনি।”
জাতিসংঘের পর্যবেক্ষকদের উদ্ধারে ঘটানস্থলে একটি টহল দল পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বিদ্রোহী বাহিনী ‘দ্য ফ্রি সিরিয়ান আর্মির (এফএসএ) এক সদস্য দাবি করেছেন, সাতজন জাতিসংঘ পর্যবেক্ষক এখন নিরাপত্তার জন্য এফএসএর যোদ্ধাদের সঙ্গে রয়েছেন।
পর্যবেক্ষক দলের এক সদস্য রয়টার্সকে বলেছেন, তারা ফ্রি সিরিয়ান আর্মির সঙ্গে নিরাপদে আছেন।
সিরিয়ার সহিংসতা বন্ধে কফি আনানের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে, আল জাজিরার কাছে এ মন্তব্য করেছেন জাতিসংঘের নিউ ইয়র্ক দপ্তরের মুখপাত্র কাইরেন দিউয়িয়ার।
“যদি বিবদমান পক্ষগুলো সহিংসতা বন্ধ করার পদক্ষেপ না নেয় তাহলে সিরিয়া গৃহযুদ্ধের প্রান্তে চলে যাবে,” বলেন দিউয়িয়ার।
সহিংসতা বন্ধে জাতিসংঘের পর্যবেক্ষদের বল প্রয়োগ করার অনুমতি নেই জানিয়ে তিনি বলেন, পর্যবেক্ষকরা সহিংসতা বন্ধ করতে পারবেন না।
সিরিয়ার বিষয়ে জাতিসংঘের পরবর্তী সিদ্ধান্ত নিরাপত্তা পরিষদের ওপর নির্ভর করছে বলে জানান দিউয়িয়ার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এসইউ/১৩৪৪ ঘ.
bdnews24