২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ালমার্টে র‌্যাটলস্নেক!

যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলের ওয়াশিংটন অঙ্গরাজ্যে সুপারস্টোর চেইন ওয়ালমার্টের একটি শাখায় বিষাক্ত র‌্যাটলস্নেকের আক্রমণের শিকার হয়েছেন এক ক্রেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2012, 07:28 AM

Updated : 24 Aug 2022, 11:22 AM

ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলের ওয়াশিংটন অঙ্গরাজ্যে সুপারস্টোর চেইন ওয়ালমার্টের একটি শাখায় বিষাক্ত র‌্যাটলস্নেকের আক্রমণের শিকার হয়েছেন এক ক্রেতা। ওয়াশিংটনের ক্লার্কস্টন শহরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি। আহত ক্রেতা মাইকা ক্রেইগ জানান, সুপারস্টোরের গাছপালা বিক্রির অংশে প্রয়োজনীয় গাছটি খুঁজতে থাকার সময় হঠাৎ তাকে আক্রমণ করে সাপটি। একটি খড়ের ব্যাগ থেকে বেরিয়ে থাকা সাপের লেজটিকে লাঠি ভেবেছিলেন তিনি। ৪৭ বছর বয়সী মাইকা জানান, কামড়ানোর পর সাপটিকে তিনি পা দিয়ে পিষে ফেলেন। বিষাক্ত সাপটির কামড়ে অস্বাভাবিকরকম ফুলে যায় তার হাত। এরপর তাকে হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থলে উপস্থিত ওয়ালমার্টের আরেক ক্রেতা মারিয়া জেফরি বলেন, সাপটি অন্তত এক ফুট লম্বা ছিলো। ওয়ালমার্টের মুখপাত্র কাইলা ওয়েলিং এ ঘটনার জন্য ক্ষমাপ্রার্থনা করে বলেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা বলেই মনে হচ্ছে। সাপটি কিভাবে দোকানে ঢুকলো তা খুঁজে দেখা হচ্ছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেজন্য একটি কীট নিয়ন্ত্রক দলকে দোকানটিতে নিয়োগ করা হয়েছে বলে জানান তিনি। গাঁজার গাছ কেনার উদ্দেশ্যে ওয়ালমার্টের গাছপালার অংশে গিয়েছিলেন মাইকা ক্রেইগ। ওষুধ হিসেবে গাঁজা উৎপাদনের অনুমোদন তার আছে বলে দাবি করেছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এবি/১৬১০ ঘ.