নিউইয়র্ক, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সমকামী বিয়েতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সমর্থনের পর তাকে কটাক্ষ করে প্রচ্ছদ তৈরির মধ্য দিয়ে নতুন বিতর্ক উস্কে দিচ্ছে সাপ্তাহিক ম্যাগাজিন নিউজউইক।
বারাক ওবামাকে “প্রথম সমকামী প্রেসিডেন্ট” আখ্যা দিয়ে তার ছবিসহ আগামী সপ্তাহের প্রচ্ছদ প্রতিবেদন তৈরি করেছে তারা।
‘গুড মনিং’ আমেরিকা নামক টিভি অনুষ্ঠানে ওবামা সমকামী বিয়ের পক্ষে মত দেওয়ার চারদিন পর নিউজউইক এরকম প্রচ্ছদ করল।
প্রচ্ছদে ওবামার মুখমণ্ডলের একটি ছবি ছাপানো হয়েছে এবং মাথার উপর সাতরঙা একটি গোলকার আলোকচক্র দেওয়া আছে।
রঙধনুর ওই সাতটি রঙ এলজিবিটি (লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল এন্ড ট্রান্সজেন্ডার) আন্দোলনের প্রতীক।
ওবামাই প্রথম মার্কিন প্রেসিডেন্ট যিনি স্পর্শকাতর এ বিষয়ে প্রকাশ্যে নিজের ইতিবাচক অবস্থানের কথা জানালেন।
বুধবার টেলিভিশন চ্যানেল এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ওবামা বলেন, “আমি স্বীকার করি যে, সমকামী জুটির বিয়ের অধিকার থাকা উচিত।”
যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন দল ডেমোক্র্যাট পার্টি, সমকামীদের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলনরত বিভিন্ন সংগঠন ও অন্যরা ওবামার এ অবস্থানকে অভিনন্দন জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রে নাগরিক অধিকার প্রতিষ্ঠায় এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা বলে অভিহিত করেছেন তারা।
তবে প্রধান বিরোধী দল রিপাবলিকান পার্টি ও রক্ষণশীল খ্রিস্টান নেতারা ওবামার এ অবস্থানের কড়া সমালোচনা করেছেন। তারা বলছেন, এর মধ্য দিয়ে বিতর্কিত একটি ইস্যু নিয়ে রাজনীতি করা হচ্ছে।
আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ওবামার প্রধান প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির সম্ভাব্য প্রার্থী মিট রমনি ইতোমধ্যে সমকামী বিয়ের বিরুদ্ধে তার অবস্থান জানিয়েছেন।
বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার এক সমীক্ষায় দেখা গেছে যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ নাগরিক সমকামী বিয়ের বৈধতা দেওয়ার পক্ষে। আর ৪৮ শতাংশ মানুষ এর বিরোধিতা করেন।
অবশ্য যুক্তরাষ্ট্রের ২৯ টি স্টেটে এখনো সমকামী বিয়ে নিষিদ্ধের আইন রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/জিএনএ/২৩০০ঘ.
bdnews24