২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়া অভিযানে বেসামরিক মৃত্যুর তদন্ত দাবি

লিবিয়ায় গত বছর মুয়াম্মার গাদ্দাফি বিরোধী অভিযানের সময় ন্যাটো বিমান হামলায় বেসামরিক নাগরিক নিহতের ঘটনার পরিপূর্ণ তদন্ত দাবি করেছে মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস ওয়াচ’ (এইচআরডব্লিউ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2012, 10:54 AM

Updated : 24 Aug 2022, 11:21 AM

ব্রাসেলস, মে ১৪ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ায় গত বছর মুয়াম্মার গাদ্দাফি বিরোধী অভিযানের সময় ন্যাটো বিমান হামলায় বেসামরিক নাগরিক নিহতের ঘটনার পরিপূর্ণ তদন্ত দাবি করেছে মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস ওয়াচ’ (এইচআরডব্লিউ)। ওই অভিযানে ন্যাটো হামলায় অন্তত ৭২ জন বেসামরিক লিবীয় নিহত হয়েছে বলেই ধারণা করছে এইচআরডব্লিউ। এর দায় ন্যাটোর স্বীকার করা উচিত। কিন্তু ন্যাটো তা করেনি বলে অভিযোগ করেছে সংস্থাটি। লিবিয়ায় ন্যাটো হামলার সময়ে এবং পরবর্তীতে বোমা হামলাস্থগুলোতে অনুসন্ধানের ভিত্তিতে তৈরি করা প্রতিবেদনে এইচআরডব্লিউ জানায়, ন্যাটো বিমান হামলায় ২০ নারী ও ২৪ শিশু নিহত হয়েছে। ফলে হতাহতদের শিকার হওয়া পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়া এবং বেআইনি এ হামলার ঘটনা ন্যাটোকে তদন্ত করে দেখার দাবি জানিয়েছে এইচআরডব্লিউ। এইচআরডব্লিউ’র বিশেষ উপদেষ্টা ফ্রেড আব্রাহামস এক বিবৃতিতে বলেন, “শুধু সামরিক লক্ষ্যবস্তুতেই হামলার অনুমতি ছিল। তবে কিছু কিছু ক্ষেত্রে ন্যাটো বাহিনী আসলে কি লক্ষ্য করে হামলা চালিয়েছিল সে গুরুতর প্রশ্নটি থেকেই গেছে।” এইচআরডব্লিউ’র তদন্ত প্রতিবেদনটি লিবিয়া অভিযানে ন্যাটো হামলায় বেসামরিক মৃত্যু নিয়ে এ যাবৎকালের সবচেয়ে নিবিড় তদন্ত প্রতিবেদন। এর আগে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দেওয়া প্রতিবেদনের তুলনায় এইচআরডব্লিউ’র প্রতিবেদনে বেসামরিক নাগরিক নিহতের সংখ্যা বেশি উল্লেখ করা হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের প্রতিবেদনে ১৬ শিশু আর ১৪ নারীসহ ৫৫ জন বেসামরিক লিবীয় নিহতের পরিসংখ্যান দিয়েছিল। লিবিয়ায় ন্যাটো প্রায় ২৬ হাজার হামলা চালিয়েছে। এর মধ্যে ৯ হাজার ৬শ’ টি বিমান হামলা। এসব হামলা আন্তর্জাতিক আইন অনুসারেই চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে ন্যাটোর পক্ষ থেকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬৪৫ঘ.