সিরিয়া, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার রাস্তান শহরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের তুমুল সংঘর্ষে ২৩ সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে আন্দোলনকর্মীরা।
এর আগে রাস্তানে প্রচণ্ড গোলা হামলায় একজন স্থানীয় বিদ্রোহী কমান্ডারসহ ৯ জন নিহত হওয়ার কথা জানায় বিরোধী কয়েকটি সূত্র।
‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ হোমস প্রদেশে বেশ কিছু মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে। লড়াইয়ে বিধ্বস্ত হয়েছে ৩ টি সেনাযানও।
লড়াইয়ে হতাহতের এ সংখ্যা নিশ্চিত হলে বলা যায়, সিরিয়ায় ১৪ মাসের আসাদ বিরোধী আন্দোলনে বিদ্রোহীদের কাছ থেকে বড় ধরনের হামলার শিকার হল নিরাপত্তা বাহিনী।
রাস্তানে এ সপ্তাহান্তে যুদ্ধবিরতির মধ্যেও সরকারি বাহিনী নতুন করে হামলা শুরুর পর বিদ্রোহীরা এ পাল্টা হামলা চালালো।
এর আগে রাজধানী দামেস্কের উত্তরের হামা শহরের পশ্চিমের তামান্না গ্রামে রোববার নিরাপত্তা বাহিনীর অভিযানে সাত জন নিহত ও ২৭ জন আহত হয় বলে জানায় সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
এ সময় সুন্নি মুসলিম অধ্যুষিত ওই গ্রামের অনেক বাড়িতে অগ্নিসংযোগ করা হয় বলেও তারা জানায়।
ওদিকে সিরিয়ার প্রতিবেশী দেশ লেবাননে প্রেসিডেন্ট আসাদের সমর্থক আলাওতি স¤প্রদায়ের সঙ্গে সংখ্যাগরিষ্ঠ সুন্নিদের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬০০ ঘ.
bdnews24