প্যারিস/ভিয়েনা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ইরান পরমাণু অস্ত্র কর্মসূচিতে সক্রিয় ভূমিকা নিয়ে এগুচ্ছে। ১১ টি সংস্থায় পরমাণু বোমা তৈরি নিয়ে গোপেন গবেষণা করে যাচ্ছে ইরানের অন্তত ৬০ জন বিজ্ঞানী।
ইরানের প্রতিরক্ষামন্ত্রণালয়ের উদ্যোগে এ বিপুলসংখ্যক বিজ্ঞানী ও প্রকৌশলীর সম্মিলিত কর্মসূচির কথা শনিবার জানিয়েছে নির্বাসিত বিরোধী ইরানি ব্লক ‘ন্যাশনাল কাউন্সিল অব রেসিসটেন্স অব ইরান’ (এনসিআরআই)।
রয়টার্সকে দেওয়া ৬ পাতার একটি প্রতিবেদনে ইরানের সরকার ও সামরিক কয়েকটি সূত্রের উদ্ধৃতি দিয়ে এনসিআরআই একথা জানায়।
এতে বলা হয়, “প্রাপ্ত তথ্যে দেখা যাচ্ছে, ইরান পরমাণু অস্ত্র তৈরিতে নিয়োজিত সংস্থার কাজের পরিধি বাড়িয়েছে।”
“(বোমা তৈরি করতে) প্রয়োজনীয় অংশবিশেষ এবং সাজ-সরঞ্জাম তৈরির জন্য অতি গোপন গবেষণা এবং এ সম্পর্কিত নেটওয়ার্কের সামগ্রিক ও পরিপূর্ণ চিত্র এ অনুসন্ধানে বেরিয়ে এসেছে।”
প্রতিবেদনে আরো বলা হয়, “নতুন প্রতিরক্ষা গবেষণা সংগঠনের বিভিন্ন শাখা এবং এর সঙ্গে সংশ্লিষ্ট ১১ টি প্রতিষ্ঠান ও কোম্পানিতে নিয়োজিত ৬০ জন পরিচালক ও বিশেষজ্ঞের বিস্তারিত পরিচিতিও এ নাগাদ দেওয়া হয়েছে।”
ছদ্মআকারে ইরানের এ পরমাণু অস্ত্র কর্মসূচির কমান্ড কাঠামোর রূপরেখা তুলে ধরতে প্রতিবেদনে একটি ডায়াগ্রাম দেওয়া ছাড়াও এ কর্মসূচিতে নিয়োজিত বিজ্ঞানী ও প্রকৌশলীদের নাম প্রকাশ করেছে এনসিআরআই।
‘এনসিআরআই’ ব্লক ইরানের নির্বাসিত পাঁচটি বিরোধী দলীয় সংগঠনের জোট। তারা ইরানে শিয়া মুসলিম ধর্মগুরুরর শাসনের অবসান চায়।
ইরানের পরমাণু কর্মসূচিতে এ অগ্রগতির খবর জানান দিয়ে এনসিআরআই তাদের প্রতিবেদেনে আন্তর্জতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)কে তেহরানের পরমাণু কর্মসূচি পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানিয়েছে।
তবে এ প্রতিবেদনের সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ইরানের পরমাণু কর্মসূচি বিষয়ক যুক্তরাষ্ট্রের একটি গবেষণা ও পরামর্শতদাতা প্রতিষ্ঠানের প্রধান ডেভিড অলব্রাইট।
তিনি বলেন, “ আমরা এ সংগঠনের অস্তিত্বের কথা জানি। আর এও জানি যে, এনসিআরআই বিভিন্ন দেশ থেকে গোয়েন্দা তথ্য পায়। কখনো কখনো এটা ভালো উদ্যোগ। কিন্তু সমস্যা হচ্ছে, তারা কোনো প্রমাণ ছাড়াই বিস্তারিত বিবরণ দেয়। আর সে কারণেই এর সত্যাসত্য নিয়ে সন্দেহ থেকে যায়।”
এনসিআরআই এর প্রতিবেদনটি এমন এক সময়ে প্রকাশিত হল যখন আগামী সোমবার ভিয়েনায় বৈঠকে বসতে যাচ্ছে ইরান ও জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষকরা; আর ২৩ মে বাগদাদে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় বসতে চলেছে ছয় বিশ্ব শক্তি।
ইরান বেসামরিক পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু বোমা বানানোর চেষ্টা করছে বলে পশ্চিমা দেশগুলো সন্দেহ করে আসছে। তবে, ইরান বরাবরই এ অভিযোগ নাকচ করে বলে আসছে, তাদের এ কর্মসূচি বিদ্যুৎ উৎপাদনের মতো শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১০৯ঘ.
bdnews24