২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রিসে নির্বাচন এড়ানোর শেষ চেষ্টা চলছে

গ্রিসে নতুন আরেকটি মধ্যবর্তী নির্বাচন এড়ানোর শেষ চেষ্টায় রোববার জোট সরকার গঠন নিয়ে পার্টি নেতাদের সঙ্গে আলোচনায় বসেছেন প্রেসিডেন্ট কারোলোস পাপৌলিয়াস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2012, 12:15 PM

Updated : 24 Aug 2022, 11:21 AM

এথেন্স, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গ্রিসে নতুন আরেকটি মধ্যবর্তী নির্বাচন এড়ানোর শেষ চেষ্টায় রোববার জোট সরকার গঠন নিয়ে পার্টি নেতাদের সঙ্গে আলোচনায় বসেছেন প্রেসিডেন্ট কারোলোস পাপৌলিয়াস। কিন্তু ইইউ/আইএমএফ বেইলআউট তহবিল নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিভেদ থাকায় প্রবীণ রাজনীতিবিদদের নতুন সরকার গড়ার চেষ্টা ব্যর্থ হবে বলেই মনে করা হচ্ছে। তিনটি প্রধান রাজনৈতিক দলের নেতারা ইতোমধ্যেই প্রেসিডেন্টের সঙ্গে ৯০ মিনিট বৈঠক করেছেন। স্যোশালিস্ট নেতা এভাঞ্জেলোস ভেনিজেলোস বলেছেন, এখনও কিছুটা আশা আছে। পাপৌলিয়াস এখন ছোট রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করবেন। ইইউ-আইএমএফ বেইলআউট তহবিল এবং এর শর্তানুযায়ী ব্যয়সঙ্কোচন পদক্ষেপ নিয়ে দলগুলোর মধ্যে তীব্র মতবিরোধ রয়েছে। গ্রিসে সদ্য হয়ে যাওয়া পার্লামেন্ট নির্বাচনে ভোটাররা ব্যয়সঙ্কোচন বিরোধীদের পক্ষে রায় দেওয়ার পর গত সপ্তাহে প্রধান তিনটি রাজনৈতিক দলই সরকার গঠনে ব্যর্থ হয়েছে। এ তিনটি দল হচ্ছে নিউ ডেমোক্র্যাসি পার্টি, পাসোক পার্টি এবং বামপন্থি সিরিজা ব্লক। এ মুহূর্তে এ তিন দলের সমন্বয়েই একটি সরকার গঠনের শেষ চেষ্টায় করছেন প্রেসিডেন্ট। এ চেষ্টা ব্যর্থ হলে আবার নতুন করে নির্বাচন ডাকতে হবে পাপৌলিয়াসকে। আর এ নির্বাচন হতে পারে জুনের মাঝামাঝি সময়ে। জরিপে দেখা গেছে ব্যয়সঙ্কোচন বিরোধী কট্টর-বাম দল সিরিজা ব্লকের জনসমর্থন ক্রমেই বাড়ছে। গ্রিসে ইতোমধ্যে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে দলটি দ্বিতীয় অবস্থানে ছিল। বিশ্লেষকরা বলছেন, নতুন করে আরেকটি নির্বাচন হলে ব্যয়সঙ্কোচন বিরোধী কোয়ালিশনে সিরিজা ব্লকই সবচেয়ে বড় পার্টি হিসাবে উঠে আসতে পারে। আর এতে করে ইউরোজোন সদস্যপদ হারানোর ঝুঁকির মুখে পড়বে গ্রিস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/এলকিউ/১৭১১ঘ.