বৈরুত, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান সৈয়দ হাসান নাসরাল্লাহ বলেছেন, প্রতিবেশী ইহুদি রাষ্ট্র ইসরায়েলের যে কোনো লক্ষ্যে আঘাত হানার সামর্থ্য রয়েছে তার দলের।
শুক্রবার এক বক্তব্যে নাসারাল্লাহ বলেন, “আজ আমরা শুধু তেল আবিব শহরেই আঘাত হানতে সক্ষম নই, আল্লাহর ইচ্ছায়, আমরা এখন তেল আবিবের যে কোনো নির্দিষ্ট লক্ষ্যে এবং অধিকৃত ফিলিস্তিনের যে কোনো জায়গায় আঘাত করতে সক্ষম।”
২০০৬ সালে ইসরায়েলি বোমা হামলায় ধ্বংসস্তুপে পরিণত হওয়া লেবাননের দক্ষিণ বৈরুতের দাহিয়া আবাসিক এলাকার পুনর্র্নিমাণ কাজের সমাপ্তি উপলক্ষে একটি অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন নাসারাল্লাহ।
তিনি বলেন, “দাহিয়ার একটি ভবন ধ্বংস হলে তেল আবিবেরও একটি ভবন ধ্বংস করা হবে।”
“একদিন আমাদের বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য করা হয়েছিল। তখন তাদের এমন পরিস্থিতিতে পড়তে হয়নি। সেই সব দিন চলে গেছে। আমরা ভয় পাচ্ছি, আর তারা পাচ্ছে না সেই সময়ও শেষ। সময় এসে গেছে যখন আমারা থাকবো আর তোমরা (ইসরায়েল) হারিয়ে যাবে।”
সা¤প্রতিক সময়ে এটিই ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহ নেতার সবচেয়ে কঠোর হুমকি। পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে ইসরায়েল ও তার পশ্চিমা রাষ্ট্রগুলোর সম্পর্কে উত্তেজনার মধ্যে এ বক্তব্য দিলেন হিজবুল্লাহ প্রধান।
ইরান হিজবুল্লাহকে মদদ দেয় বলে অভিযোগ রয়েছে। ইরানে সামরিক হামলা হলে হিজবুল্লাহও ইসরায়েলে পাল্টা হামলা চালাবে বলে অনেকে মনে করেন।
লেবাননে হিজবুল্লাহ গোষ্ঠীর রাজনৈতিক প্রভাবও রয়েছে। ২০০৬ সালে তারা ইসরায়েলের সঙ্গে কায়েক মাসের যুদ্ধ চালায়। তাতে লেবাননে অনেক মানুষ হতাহত এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও নিজেদের বিজয়ী বলে দাবী করে হিজবুল্লাহ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এএইচ/২২০৮ ঘ.
bdnews24