২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজেরিয়ায় বোকো হারামের এক জ্যেষ্ঠ কমান্ডার আটক

নাইজেরিয়ার ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠী বোকো হারামের এক জ্যেষ্ঠ কমান্ডারকে আটক করেছে সেদেশের পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2012, 02:15 PM

Updated : 24 Aug 2022, 11:20 AM

আবুজা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নাইজেরিয়ার ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠী বোকো হারামের এক জ্যেষ্ঠ কমান্ডারকে আটক করেছে সেদেশের পুলিশ। দেশটির উত্তরাঞ্চলের সবচেয়ে বড় শহর কানো থেকে তাকে ধরা হয়েছে বলে শনিবার পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। এ বছর ওই শহরে জঙ্গি হামলায় কয়েকশ’ মানুষ নিহত হয়েছে। নাইজেরিয়ার নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন, সুলেইমান মোহাম্মদ নামে যে ব্যক্তিকে আটক করা হয়েছে বলে পুলিশ বলছে তিনি কানোতে বোকো হারামের একজন নেতৃত্বস্থানীয় ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। কানো স্টেটের পুলিশ কমিশনার ইব্রাহিম ইদ্রিস রয়টার্সকে বলেন, “তার গোপন আস্তানা সম্পর্কে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার আমরা তাকে আটক করেছি। আস্তানা থেকে স্ত্রী ও সন্তানসহ তাকে আটক করা হয়েছে।” “নিরাপত্তা কর্মকর্তারা এখন তাকে জিজ্ঞাসাবাদ করছেন। তাকে আবুজায় নেওয়া হয়েছে। সুলেইমান মোহাম্মদ নাইজেরিয়ার ইয়োরুবা গোত্রের সদস্য। কানোয় বোকো হারামের কর্মকাণ্ডের নেতৃত্বে ছিলেন তিনি।” সুলেইমানের আস্তানা থেকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও গোলা-বারুদ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গত মাসে কানোয় গির্জায় প্রার্থনারত খ্রিস্টান ধর্মাবলম্বীদের ওপর বন্ধুকধারীদের হামলায় অন্তত ১৫ জন নিহত এবং অনেকে আহত হয়। ওই হামলার দায় স্বীকার করেছে বোকো হারাম। এছাড়া জানুয়ারিতে নাইজেরিয়ার ওই দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহরে হামলায় ১৮৬ জন নিহত হয়। সে হামলারও দায় স্বীকার করেছে বোকো হারাম। নাইজেরিয়ার উত্তরাঞ্চলে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সন্ত্রাসী তৎপরতা চালিয়ে আসছে বোকো হারাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এএইচ/২০১০ ঘ.