২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সে পার্লামেন্ট নির্বাচনেও এগিয়ে বামপন্থীরা

প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর এবার ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনেও বামপন্থীরা এগিয়ে রয়েছে বলে দুটি জনমত জরিপে দেখা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2012, 09:24 AM

Updated : 24 Aug 2022, 11:20 AM

প্যারিস, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রেসিডেন্ট নির্বাচনে জয়েরপর এবার ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনেও বামপন্থীরা এগিয়ে রয়েছে বলে দুটি জনমত জরিপে দেখা গেছে। আগামী ১০ জুন অনুষ্ঠেয় প্রথম দফা পার্লামেন্ট নির্বাচনে বিদায়ী প্রেসিডেন্ট নিকোলা সারকোজির দল ইউনিয়ন ফর অ্যা পপুলার মুভমেন্টকে (ইউএমপি) হারিয়ে বামপন্থী দলগুলোর জোট বিজয়ী হবে বলে ওই জনমত জরিপে ইঙ্গিত পাওয়া গেছে। গত ৬ মে দ্বিতীয় দফা ভোটে জয়ী হয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট হন সোশ্যালিস্ট পার্টির ফ্রাঁসোয়া ওলান্দ। দেশটিতে গত তিন দশকের মধ্যে সোশ্যালিস্টদের পক্ষ থেকে প্রথম প্রেসিডেন্ট হয়েছেন তিনি। জনমত জরিপকারী প্রতিষ্ঠান সিএসএ ও বিভিএ শুক্রবার তাদের জরিপের ফল প্রকাশ করে বলেছে, নবনির্বাচিত প্রেসিডেন্ট ওলান্দের সোশ্যালিস্ট পার্টি ও তার মিত্র বামপন্থী দলগুলো পার্লামেন্ট নির্বাচনে ৪৫ থেকে ৪৬ শতাংশ ভোট পাবে। বিপরীতে ইউএমপি পার্টির ভোট পাওয়ার সম্ভাবনা মোট ভোটের এক তৃতীয়াংশ। জনমত জরিপের জন্য সিএসএ এক হাজার এবং বিভিএ এক হাজার একশ’ ৬০ জনের মতামত নিয়েছে। সিএসএ জানায়, প্রথম দফা নির্বাচনে সোশ্যালিস্ট পার্টি ৩২ শতাংশ এবং মিত্র দল গ্রিন পার্টির ৪ শতাংশ ও বামফ্রন্ট ১০ শতাংশ ভোট পাবে। আর ইউএমপি ৩৩ শতাংশ ভোট পাবে। বিভিএ’র জনমত জরিপে দেখা গেছে, সোশ্যালিস্ট পার্টি ৩০ শতাংশ, গ্রিন পার্টি সাড়ে ৪ শতাংশ ও বামফ্রন্ট সাড়ে ১০ শতাংশ ভোট পাবে যেখানে ইউএমপি পাবে সাড়ে ৩২ শতাংশ। এছাড়া পার্লামেন্ট নির্বাচনে ন্যাশনাল ফ্রন্ট পার্টি ১২ শতাংশ ভোট পাবে বলে সিএসএ’র জনমত জরিপে দেখা গেছে। আর বিভিএ’র হিসাবে তারা ১৬ শতাংশ ভোট পেতে পারে। তবে ন্যাশনাল ফ্রন্টের সঙ্গে কোনো ধরনের জোটে যেতে রাজি নয় ইউএমপি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এএইচ/১৫১৬ ঘ.