ওয়াশিংটন, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের কেন্দ্রীয় ব্যাংকের ওপর আরোপিত নিষেধাজ্ঞার মাধ্যমে ‘উদ্দেশ্য’ বাস্তবায়ন হবে কি না তা নিয়ে সংশয়ে পড়েছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের ট্রেজারি দপ্তরের সন্ত্রাসবাদ ও অর্থনৈতিক গোয়েন্দা বিষয়ক আন্ডারসেক্রেটারি ডেভিড কোহেন বৃহস্পতিবার এ সংশয় প্রকাশ করেন।
ওয়াশিংটনে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্যাডিজে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, “এটা স্বীকার করা ঠিক যে, লেনদেনের বিকল্প ব্যবস্থা গড়ে তুলতে ইরানি প্রচেষ্টা নিয়ে আমরা খুব উদ্বিগ্ন হয়ে পড়েছি।”
“আমাদের ধারণা ছিলো ইরানের কাছ থেকে কেউ তেল কিনলে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের মধ্য দিয়ে তার মূল্য পরিশোধ হবে, যদিও সেখানে এর জন্য কিছু মধ্যবর্তী ব্যবস্থা রয়েছে।”
পরমাণু কর্মসূচিতে তহবিল বন্ধ করতে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে লেনদেনে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
আগামী ২৮ জুন থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। এরপর থেকে বিশ্বের কোনো আর্থিক প্রতিষ্ঠান ইরানের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে লেনদেন করলে সেটি যুক্তরাষ্ট্রের অর্থবাজারের সঙ্গে লেনদেন করতে পারবে না।
যুক্তরাষ্ট্রের এ নিষেধাজ্ঞাকে পাশ কাটাতে ইরান মোট রপ্তানিযোগ্য অপরিশোধিত তেলের ২০ শতাংশ রপ্তানির জন্য বেসরকারি রপ্তানিকারকদের অনুমোদন দিয়েছে বলে বুধবার এক প্রতিবেদনে বলা হয়েছে।
পরমাণু কর্মসূচির মাধ্যমে ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে বলে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের অভিযোগ।
তবে বিদ্যুৎ উৎপাদনের মতো শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু কর্মসূচি পরিচালিত হয় বলে দাবি করে আসছে ইরান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এএইচ/১২৫৪ ঘ.
bdnews24