২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুরে উপকূলীয় যুদ্ধজাহাজ পাঠাবে যুক্তরাষ্ট্র

সিঙ্গাপুরে আগামী বসন্তের মধ্যে ১০ মাসের জন্য প্রথম নতুন ধরনের উপকূলীয় যুদ্ধজাহাজ মোতায়েনের পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2012, 10:48 AM

Updated : 24 Aug 2022, 11:20 AM

ওয়াশিংটন, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সিঙ্গাপুরে আগামী বসন্তের মধ্যে ১০ মাসের জন্য প্রথম নতুন ধরনের উপকূলীয় যুদ্ধজাহাজ মোতায়েনের পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন নৌবাহিনীর যুদ্ধাভিযান পরিচালক রিয়ার এডমিরাল থমাস রাওডেন বুধবার সাংবাদিকদের একথা বলেছেন বলে বৃষ্পতিবার জানানো হয়েছে রয়টার্সের খবরে। এক টেলিকনফারেন্সে রাওডেন বলেন, “আমরা আগামী বছর ১০ মাসের জন্য এ জাহাজ মোতায়েন করব।” সিঙ্গাপুর এবং মালাক্কা প্রণালী ঘিরে রয়েছে দক্ষিণ চীন সাগর। ফলে সিঙ্গাপুরে মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েনের এ পদক্ষেপে দক্ষিণ চীন সাগর বিরোধে যুক্তরাষ্ট্রের জড়িয়ে যাওয়া নিয়ে আরো উদ্বিগ্ন হয়ে উঠতে পারে বেইজিং। ঘণ্টায় ৪০ নটিক্যাল মাইলেরও বেশি গতিতে চলতে সক্ষম এ উপকূলীয় যুদ্ধজাহাজগুলো মার্কিন নৌবাহিনীতে নতুন সংযোজন। মাইন অপসারন, এন্টি সাবমেরিন ও অন্যান্য সাবমেরিনের আঘাত ঠেকাতেও বিশেষভাবে কার্যকর আকারে ছোট এই জাহাজগুলো ৪০ জন ক্রু’র সমন্বয়ে পরিচালিত হবে। রিয়ার এডমিরাল থমাস রাওডেন বলেন, “ফ্রিডম নামের এই জাহাজ ক্রু আনা নেওয়া, রসদ সরবরাহসহ রক্ষণাবেক্ষণের কাজ আরো গতিশীল করবে। এত করে নৌবাহিনীর কর্মকর্তারা আরো দক্ষভাবে কাজ করতে সক্ষম হয়ে উঠবে।” ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের মধ্যকার প্রধান সংযোগস্থল মালাক্কা প্রণালী বরাবর অবস্থিত হওয়ায় সিঙ্গাপুর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। বিশ্বের মোট বাণিজ্যের ৪০ শতাংশ মালাক্কা প্রণালী দিয়ে হয়ে থাকে। গত মাসে পেন্টাগনে সিঙ্গাপুরের প্রতিরক্ষামন্ত্রী এন এং হেনের সঙ্গে এক বৈঠকের পর আঞ্চলিক সহযোগীদের প্রশিক্ষণ ও সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করার ইঙ্গিত দেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিও প্যানেট্টা। দক্ষিণ চীন সাগরের অধিকার নিয়ে ফিলিপাইন, ভিয়েতনাম, ব্র“নেই, মালয়েশিয়া ও তাইওয়ানের সঙ্গে বিরোধ রয়েছে চীনের। দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশগুলো সমুদ্রে তেল ও গ্যাস অনুসন্ধানের পাশাপাশি সামরিক মৈত্রী বাড়াতে কাজ করছে। আয়তনে বিশ্বের সবচেয়ে বড় দক্ষিণ চীন সাগরের বিভিন্ন অংশে চীন ও ফিলিপাইনের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র-ফিলিপাইন যৌথ নৌ মহড়া বিতর্কিত এ জলসীমায় সশস্ত্র সংঘাতের ঝুঁকি বাড়িয়েছে বলে গত মাসে হুুঁশিয়ারি দিয়েছে চীন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /আরআরডি/এলকিউ/১৬৪৩ঘ.