ইন্দোনেশিয়ায় ৫০ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত
জীবিত কাউকে খুঁজে পাওয়া যায়নি। ভিডিও
জাকার্তা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইন্দোনেশিয়ায় ৫০ জন আরোহী নিয়ে একটি রুশ বিমান বিধ্বস্ত হয়েছে। উদ্ধারকর্মীরা জীবিত কাউকে খুঁজে পায়নি বরং কয়েকটি লাশ পেয়েছে।
উদ্ধারকারী দলের মুখপাত্র গাগা প্রাকোসো ইন্দোনেশিয়ার মেট্রো টিভিকে বলেন, “আমরা জীবিত কাউকে খুঁজে পাইনি।”
জাভা দ্বীপের কাছে বুধবার দুপুরে পরীক্ষামূলক উড্ডয়নের পরপরই বিমানটি নিখোঁজ হয়। বৃহস্পতিবার রাজধানী জাকার্তার দক্ষিণের একটি পাহাড়ের খাদে বিমানটির ধ্বংসাবশেষ দেখতে পান উদ্ধারকারীরা।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইউধোইয়োনো এক সংবাদ সম্মেলনে বলেন, “বিমানটি সালাক পর্বতের খাদে বিধ্বস্ত হয়েছে। দুতই পুরো ঘটনা খতিয়ে দেখা হবে।”
রাশিয়ার সুকোই সুপারজেট ১০০ মডেলের ওই বিমানটি জাকার্তার প্রায় ৪০ মাইল দক্ষিণে মাউন্ট সালাকের পাশ দিয়ে ছয় হাজার ফুট উচ্চতায় ওড়ার সময় নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে।
সকালে উদ্ধার তৎপরতায় নিয়োজিত একটি হেলিকপ্টার থেকে মাউন্ট সালাক সুপ্ত আগ্নেয়গিরির খাদে ওই বিমানের ধ্বংসাবশেষ সনাক্ত করা হয়।
বিমানের আরোহীদের মধ্যে ইন্দোনেশিয়ার ব্যবসায়ী, সাংবাদিক এবং দূতাবাস কর্মকর্তা, বৈমানিক ও টেকনিশিয়ানসহ আট রুশ ছিলেন।
ইন্দোনেশিয়ার বিমান বাহিনীর মুখপাত্র ইউনিস বলেন, উদ্ধার তৎপরতা চালানোর জন্য হেলিকপ্টারে করে একটি দল ঘটনাস্থলে পাঠানো হচ্ছে।
এর আগে পরিবহণ মন্ত্রণালয়ের মুখপাত্র বামবাং এরভান বলেন, বিমানটি ১০ হাজার ফুট উচ্চতায় ছিল এবং সেটি ছয় হাজার ফুট উঁচুতে নেমে আসার অনুমতি চেয়েছিল।
“শেষ কথা হয় যখন তারা তারা ১০ হাজার ফুট উঁচু থেকে ছয় হাজার ফুট উঁচুতে নেমে আসতে চেয়েছিল।”
তিনি বলেন, “দুপুরের দিকে বিমানটি প্রথম ফ্লাইট নিয়ে বিমানবন্দরে ফিরে এসেছিল। কিন্তু দ্বিতীয়বার উড্ডয়নের পর সেটি যোগাযোগ হারিয়ে ফেলে।”
সুকোই বিমানের ইন্দোনেশিয়ান এজেন্ট পিটি ট্রিমার্গা রেকাটামা এক সংবাদ সম্মেলনে বলেন, জাকার্তায় রাশিয়ান দূতাবাসের সর্বশেষ হিসাব অনুযায়ী, বিমানে ৪২ জন যাত্রী ও আট জন ক্রু ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৮০৮ ঘ.
